দুয়ারে রেশন পরিষেবায় ভোগান্তি! তুলে দেওয়ার দাবিতে সরব রেশন ডিলাররা

Published:

Duare Ration

প্রীতি পোদ্দার, কলকাতা: বিতর্কের শিরোনামে ফের উঠে এল ‘দুয়ারে রেশন’ ব্যবস্থা (Duare Ration)! তৃণমূল আমলে চালিত এবার সেই ব্যবস্থাকে তুলে দেওয়ার দাবিতে সরব হল সক্রিয় ডিলার (Ration Dealer) সংগঠনগুলি। বঙ্গ রাজনীতির প্রশাসনিক ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের একের পর এক দুর্নীতির ফাইল খুলছে বিজেপি। লক্ষ্য একটাই রাজ্যকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা। আর এই সমালোচনার মাঝে এবার দুয়ারে রেশন ব্যবস্থার বিরোধিতায় সরব হতে শুরু করেছে রেশন ডিলারদের একাধিক সংগঠন।

দুয়ারে রেশন বন্ধের অভিযোগ ডিলারদের

সম্প্রতি সংশোধিত ও বিধিবদ্ধ রেশন এলাকার পাঁচটি ডিলার সংগঠন একত্রিত হয়ে ‘জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল’ নামের একটি মঞ্চ গঠন করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ সোমবার, সেই সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘দুয়ারে রেশন’ ব্যবস্থা তুলে দেওয়ার দাবি জানানো হয়েছিল। ফোরামের আহ্বায়ক রতন সাউ অভিযোগ করেন, বর্তমান ব্যবস্থায় ডিলারদের উপর অতিরিক্ত আর্থিক ও প্রশাসনিক চাপ তৈরি হচ্ছে। রেশন সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিতে গিয়ে যেমন পরিবহণ খরচ বাড়ছে, ঠিক তেমনই এলাকায় কর্মী সংকটের সমস্যাও দেখা দিচ্ছে। তাই এই পরিষেবা চালানো অত্যন্ত কঠিন।

কমিশন এবং আয় বৃদ্ধির দাবি

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, ‘দুয়ারে রেশন’ ব্যবস্থা সাধারণ গ্রাহকদের বিশেষ সুবিধা হচ্ছে না, বরং সরকারের অতিরিক্ত খরচ বাড়ছে। পাশাপাশি ডিলারদেরও নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই তারা সুপ্রিম কোর্টে মামলা করেছেন। বিষয়টি শীঘ্রই সমাধান হবে বলে আশা করছেন সকলে। অন্যদিকে রেশন ডিলারদের কমিশন এবং আয় বৃদ্ধিরও দাবি উঠেছে। রতন সাউ জানিয়েছেন, খুব শীঘ্রই খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবি ও সমস্যার কথা তুলে ধরবেন।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা তুলে দেওয়া হোক! দেশ ছাড়তে চেয়ে ফের আদালতের দ্বারস্থ অভিষেক পত্নী রুজিরা

প্রসঙ্গত, ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন ‘দুয়ারে রেশন।’ এই ব্য়বস্থায় পাড়ায় পাড়ায় রেশন পেতেন গ্রাহকরা। রেশন তোলার জন্য রেশন দোকানে যাওয়া প্রয়োজন ছিল না। এই নিয়ে একাধিক অভিযোগ জানানো হলেও কোনো সুফল মেলেনি। এদিকে দেশে চালু রয়েছে ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’। অর্থাৎ, দেশের যে কোনও গ্রাহক দেশের যে কোনও রেশন দোকান থেকে খাদ্যশস্য পেতে পারেন। কিন্তু দুয়ারে রেশন ব্যবস্থায় তা সম্ভব নয়। এখন দেখার, ডিলারদের দুর্ভোগ নিয়ে খাদ্যমন্ত্রী কোন ব্যবস্থা গ্রহণ করেন।