বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তৃণমূল সাম্রাজ্য। বিজেপি ঝড়ের সামনে টিকতে পারেননি খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নিজের কেন্দ্র ভবানীপুর থেকেই হারতে হয়েছে তাঁকে। সর্বোপরি, গোটা রাজ্যে লজ্জার পরাজয় দেখেছে তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষ প্রত্যাখ্যান করার পরেও জনতার রায় মানছেন না মমতা। ফলপ্রকাশের 27 দিন পেরিয়েছে। তাও সুর বদলায়নি তৃণমূল নেত্রীর। সোমবার কালীঘাট থেকে লাইভ করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তুললেন সেই রিগিং তত্ত্ব।
জনতার রায় মানছেন না মমতা বন্দ্যোপাধ্যায়!
গেরুয়া ঝড়ে একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। বাংলার বিধানসভা নির্বাচনে 208 আসন দখল করেছে বিজেপি। নিজের কেন্দ্র থেকেও লজ্জার পরাজয় দেখতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেসব সত্ত্বেও নিজের কুরসি আগলে বসেছিলেন তৃণমূল নেত্রী। বর্তমানে সেই আসনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে তৃণমূল দলটার যা অবস্থা তাতে আগামীতে জয়ী বিধায়করা মমতার সাথে থাকবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এমতাবস্থায়, সোমবার বিকেলে নিজের বাড়ি থেকে লাইভ বিবৃতিতে আবারও জনতার সিদ্ধান্তকে উপেক্ষা করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে!
এদিন নিজের ফেসবুক পেজ থেকে লাইভ করে রাজ্যের বর্তমান শাসক দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুললেন মমতা। তৃণমূল নেত্রী বললেন, “বাংলাকে টার্গেট করে হারানো হয়েছে। অন্তত 177টা আসনে রিগিং করেছে বিজেপি! আমার কাছে সমস্ত খবর আছে।” এদিন নিজের পরাজয় প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা বলেন, তাঁকে কাউন্টিং সেন্টার থেকে মারতে মারতে বের করা হয়েছে। তিনি এগিয়েছিলেন। তাঁকে জোর করে হারানো হয়েছে ভবানীপুর কেন্দ্রে! মমতার বক্তব্য, এভাবে তৃণমূলকে ভেঙে ফেলা যাবে না। বরং এতে তৃণমূল আরও শক্তিশালী হবে।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হওয়া হামলা নিয়েও মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো। পরপর দুই সমগোত্রীয় ঘটনায় রাজ্যের বর্তমান পুলিশ এবং শাসকদল বিজেপিকে একহাত নেন মমতা। তৃণমূল নেত্রী বললেন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে রাজ্যের পুলিশ এবং বিজেপি যৌথভাবে কাজ করছে। ভীতি প্রদর্শন থেকে শুরু করে মিথ্যা গ্রেফতারি, ভোট কারচুপি সবই করছে এরা। সোমবার অভিষেক এবং কল্যাণের উপর হওয়া হামলা নিয়ে কথা বলতে গিয়ে পুলিশকে নিশানা করেন মমতা। তৃণমূল নেত্রী একেবারে খোলাখুলি বললেন, এই ঘটনায় পুলিশ প্রকৃত দোষী। বিজেপিকে আড়াল করছে ওরা।
অবশ্যই পড়ুন: ভাঙছে মমতার দল! ৫০ জন জয়ী বিধায়ককে নিয়ে নতুন তৃণমূল গড়ছেন ঋতব্রত
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “অভিষেকের উপর হামলা হল। আর আপনারা ভুল লোকজনকে গ্রেফতার করলেন। বিজেপি কর্মীদের গায়ে স্পর্শ পর্যন্ত করা হল না! উল্টে আপনারা বাইকে করে লোক নিয়ে এসে তাঁদের পেটে খাবার জোগালেন। আমার কাছে এর সব প্রমাণ আছে। এদিন বিজেপিকে নিশানা করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বারবার বলতে শোনা যায়, “এভাবে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না! আমরা আবার ফিরব।”










