পূর্ণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের পাশে অরিজিৎ সিং, বললেন ‘ও কথা দিয়েছে একসঙ্গে …’

Published:

Gouri Shankar Ghosh

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই ফের একজন পূর্ণ মন্ত্রী পেল মুর্শিদাবাদ (Murshidabad) জেলা। গতকাল, বিজেপি সরকারের ক্যাবিনেট মন্ত্রী গঠনের সময় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Gouri Shankar Ghosh)। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনকালে মুর্শিদাবাদ থেকে একাধিক প্রতিমন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী থাকলেও, মমতা ব্যানার্জি এই জেলা থেকে কাউকে পূর্ণমন্ত্রী করেনি। তবে এবার সেই কলঙ্ক ঘুচল। এদিকে তুমুল আনন্দ উচ্ছ্বাসের মাঝেই গৌরীশঙ্কর ঘোষের মুখে উঠে এল জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহের (Arijit Singh) কথা! সকলের সামনেই এদিন একসঙ্গে কাজ করার প্রত্যাশা দিলেন তিনি।

অরিজিৎ সিংয়ের প্রসঙ্গে কী বললেন গৌরীশঙ্কর?

গতকাল, শপথ নেওয়ার আগে গৌরীশঙ্কর ঘোষ বলেন, “মানুষের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব। সেইজন্যই মানুষ ভোট দিয়েছেন। যে এলাকা থেকে জিতেছি, সেটা একেবারেই পিছিয়ে পড়া জেলা। ওখানে ৩০ শতাংশ হিন্দু, ৭০ শতাংশ সংখ্যালঘু জনগণ। এতদিন বর্ডার উন্মুক্ত ছিল। নতুন সরকার আসার পর থেকে, জমি পাওয়া গিয়েছে আর ফেন্সিংয়ের কাজ শুরু হয়েছে।” এরপরই উঠে আসে অরিজিৎ সিংয়ের প্রসঙ্গ। কারণ তিনিও সেই জিয়াগঞ্জের ছেলে। গৌরীশঙ্কর ঘোষ জানান, “ অরিজিৎ সিং ইতিমধ্যেই অনেক স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে দিয়ে মানুষের কাজ করেন। গোটা মুর্শিদাবাদ জেলা, সর্বোপরি রাজ্যের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করব। অরিজিৎ সিং আমায় কথা দিয়েছেন, একসঙ্গে থাকব, একসঙ্গে লড়ব, একসঙ্গে কাজ করে মানুষের পাশে থাকব।”

মন্ত্রিত্ব পাওয়া নিয়ে তুমুল উচ্ছ্বাস

গৌরীশঙ্কর ঘোষ, একসময় বিজেপির ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৬-২০২১ পর্যন্ত বিজেপির অখণ্ড মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতির পদে ছিলেন। তবে বিধানসভা নির্বাচনে প্রথমবার লড়েছিলেন ২০১৬ সালে। কিন্তু সেবার পরাজিত হলেও ২০২১ ও ২০২৬, পরপর দু’বার মুর্শিদাবাদ কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। আর এবার দলের প্রতি নিষ্ঠা ও দক্ষতার পুরস্কার হিসেবেই মন্ত্রিসভায় জায়গা পেলেন তিনি। এদিকে নীচুতলার সংগঠন থেকে উঠে আসা গৌরীশঙ্কর ঘোষের মন্ত্রিত্ব পাওয়া মুর্শিদাবাদ বিজেপির কাছে বড় আনন্দের, যা জেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: বকেয়া DA মেটাবে রাজ্য, সঙ্গে বিপুল নিয়োগ, নবান্নে বৈঠকের পর আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, বামফ্রন্ট জমানায় জেলার শেষ পূর্ণমন্ত্রী ছিলেন ডোমকলের প্রাক্তন বিধায়ক আনিসুর রহমান। প্রায় কুড়ি বছর পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তৃণমূলের জামানায় সুব্রত সাহা, হুমায়ুন কবীর এবং আখরুজ্জামান মুর্শিদাবাদ জেলা থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এবার বিজেপির আমলে সেই দায়িত্ব পালন করতে চলেছেন গৌরীশঙ্কর ঘোষ।