ঘরেই বিদেশ সফর! ভারতে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে T20 সিরিজের আয়োজক আফগানিস্তান

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের মাটিতেই এবার বিদেশ সফর করবে ভারত (India Vs Afghanistan)। অবাক লাগলেও নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আয়োজক দেশ হিসেবে ভারতের বিরুদ্ধে খেলতে চলেছে আফগানিস্তান। আফগানিস্তানের এই টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দিল্লিতে। অর্থাৎ আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড হলেও সিরিজের প্রতিটি ম্যাচ হবে ভারতের মাটিতেই। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ম্যাচের সূচি প্রকাশ্যে না এলেও আগামী সেপ্টেম্বরে দিল্লিতেই গড়াতে পারে ভারত বনাম আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ।

দেশের মাটিতেই বিদেশ সফর ভারতীয় দলের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হয়েছে। আগামী 6 জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম আফগানিস্তানের এক ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজ শেষ হয়ে গেলেই আফগান দলের বিরুদ্ধে ওয়ানডেতে নামবে টিম ইন্ডিয়া। আর তারপরেই আয়োজক হিসেবে ভারতের মাটিতেই টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। 20 ওভারের এই সিরিজের সূচি প্রকাশ্যে না এলেও রিপোর্ট অনুযায়ী, আগামী 13, 16 এবং 19 সেপ্টেম্বর হতে পারে দুদলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বলাই বাহুল্য, এই মুহূর্তে প্রবল খাদ্য সংকটে ভুগছে আফগানিস্তান। তাছাড়াও নিকটতম প্রতিবেশী পাকিস্তানের সাথে ক্রমাগত সংঘাত লেগেই রয়েছে। ঠিক সেই পর্বে, ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে বিশেষ আবেদন করেছিল আফগান বোর্ড। আসলে চিরকালই এই দুই বোর্ডের সম্পর্ক ভাল। আর সেই সুসম্পর্ককে কাজে লাগিয়েই আফগানিস্তানকে ভারতে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের অনুমতি দিয়েছে BCCI। শুধু আফগানিস্তান নয় বরং, শ্রীলঙ্কা থেকে শুরু করে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ের মতো আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা দেশেও দল পাঠাতে রাজি হয়েছে ভারতীয় বোর্ড।

অবশ্যই পড়ুন: সস্তায় এসিতে বসে সৈকতনগরী, শুরু হল কল্যাণী-দিঘা বাস, জানুন রুট-ভাড়া ও সময়সূচি

প্রসঙ্গত, আগামী 23 সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। সেই আসরে অংশ নেবে ভারতীয় ক্রিকেট দল। সেই মর্মে 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করবে বোর্ড। আর সেই স্কোয়াড থেকেই আফগানিস্তান সিরিজের জন্য প্লেয়ারদের বেছে বেছে তৈরি করা হবে টি-টোয়েন্টি দল। শোনা যাচ্ছে, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নজরকাড়া পারফরমেন্স দেখিয়েছেন এমন প্লেয়ারদের এই সিরিজে জায়গা হতে পারে।