যুবভারতীতে ইস্টবেঙ্গল, মোহনবাগানকে নিয়ে বিশেষ ভাবনা রাজ্য সরকারের

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল জামানায় যুবভারতী ক্রীড়াঙ্গনের (Saltlake Stadium) সামনে বসেছিল এক অদ্ভুত মূর্তি। হাফ প্যান্ট পরিহিত ফুটবলারের কোমরে ছিল বিশ্ববাংলা লোগোযুক্ত বল। যা নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক বিতর্ক। তবে প্রথমদিকে সেই বিতর্ক বাস্তব রূপ না পেলেও রাজ্যে পালাবদল হতেই যুবভারতীর সামনে মূর্তি নিয়ে অভিযোগ আসতে থাকে নানা মহল থেকে। আর তারপরেই সল্টলেক স্টেডিয়ামের গেটের সামনে থেকে সরানো হয় বিদঘুটে সেই মূর্তি। এখন প্রশ্ন, ওই মূর্তির বদলে যুবভারতীর সামনে কোন ফুটবলারের মূর্তি বসবে?

মূর্তি বসানো নিয়ে বিশেষ ভাবনা সরকারের!

রাজ্যের তৎকালীন শাসকদলের আমলে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে বসানো বিদঘুটে মূর্তি নিয়ে আপত্তি প্রকাশ করেছিলেন অনেকেই। রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পরই ক্রীড়া মন্ত্রী হিসেবে শপথ নেন নিশীথ প্রামাণিক। বাংলার নতুন ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া মাত্রই বিজেপির মন্ত্রী নিশীথ একেবারে স্পষ্ট করে জানান, যুবভারতীর সামনে থাকা বিতর্কিত মূর্তি রাখবেন না তিনি। এ নিয়ে বিভিন্ন পক্ষ থেকে অভিযোগও পেয়েছিলেন মন্ত্রী। সেই মতোই বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় বিদঘুটে মূর্তিটি। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে, এবার সেই মূর্তির জায়গায় কী বসানো হবে?

সূত্রের খবর, যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থেকে বিদঘুটে মূর্তি তুলে দেওয়ার পর রাজ্যের ক্রীড়া দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে এক দফা বৈঠক হয়েছিল মন্ত্রী নিশীথে। শহরের ফুটবলের প্রাণকেন্দ্র সল্টলেক স্টেডিয়ামের সামনে কোন ফুটবলারের মূর্তি বসানো হবে তা নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। আর সেখানেই উঠে আসে চুনি গোস্বামী, পিকে ব্যানার্জিদের নাম। যদিও প্রাথমিকভাবে ফুটবলারের মূর্তি বসানোর ভাবনা হলেও ক্রীড়া দপ্তরের পর্যবেক্ষণ, বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বহু নামজাদা ফুটবলার। তাই কোনও একজনের মূর্তি বসানো হলে বিতর্ক তৈরি হতে পারে।

অবশ্যই পড়ুন: দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পে বড় মাইলফলক অর্জন রেলের, হয়ে গেল বিরাট কাজ

এমতাবস্থায়, যুবভারতীর সামনে মূর্তি বসানো নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক বিশ্বস্ত সূত্র মারফত জানা গিয়েছে, যুবভারতী যেহেতু দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের জন্য বিশেষভাবে পরিচিত। তাছাড়াও এই দুই দলের নামের সাথে যেহেতু যুবভারতী নামটা ওতপ্রোতভাবে জড়িত, সে কারণেই ঠিক হয়েছে যুবভারতীর গেটের সামনে কোনও নির্দিষ্ট ফুটবলার নন বরং দুটি মূর্তি বসবে। যেগুলির একটির গায়ে থাকবে ইস্টবেঙ্গল এবং অপরটির গায়ে মোহনবাগানের জার্সি থাকবে। আসলে যুবভারতীতে দুই ময়দান প্রধানের ম্যাচের মর্যাদাকে সামনে রেখে এমন সিদ্ধান্তই বাস্তবায়ন করতে পারে রাজ্য সরকার।