আজই ভাঙছে তৃণমূল! ৫৯ বিধায়ককে নিয়ে বড় খেলা ঋতব্রতর, তালিকায় কারা?

Published:

Ritabrata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতাচ্যুত হতেই আরও বড় সংকটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল (All India Trinamool Congress)। জানা গিয়েছে, নিজস্ব পদের দাবি করে এবার আলাদা দল গঠন করতে চাইছেন তৃণমূলের বেসুরো বিধায়কেরা। তবে কি মহারাষ্ট্র মডেল চালু হতে চলেছে মমতার দলে? জানা গিয়েছে, ৫৯ জন বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে বিধানসভায় এসেছেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। পাশাপাশি একে একে হাজির হচ্ছেন দলের অন্য বিধায়কেরাও। গোটা ঘটনাকে ঘিরে চরম শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

ভাঙ্গনের মুখে তৃণমূল কংগ্রেস!

গত কয়েক দিন ধরেই বিধানসভায় সই জালকাণ্ড নিয়ে অস্বস্তি বাড়ছিল তৃণমূলের অন্দরে। যার ফলে তৃণমূলের পরিষদীয় দলে ভাঙনের ইঙ্গিত দেখা গিয়েছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাই বিষয়টি জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছিলেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পরই ঋতব্রত এবং সন্দীপনকে বহিষ্কার করে তৃণমূল। আর তার ২৪ ঘণ্টার মুখেই অস্তিত্ব সঙ্কটে। মঙ্গলবার দুপুরে বিধানসভায় পৌঁছে যান ঋতব্রত। আর তাঁর ঠিক পিছু পিছুই বিধানসভায় পৌঁছন তাপস। এরপরই সোশ্যাল মিডিয়াতেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি।

৫৯ বিধায়কের চিঠি নিয়ে হাজির ঋতব্রত

তাপস লেখেন, ‘তৃণমূল ভেঙে চুরমার। মহারাষ্ট্রের মতো অবস্থা হল তৃণমূলের। বিধানসভার স্পিকারের কাছে প্রায় ৫০ জন তৃণমূল বিধায়ক নিয়ে পৌঁছে গিয়েছে ঋতব্রত। খেলা হবে’। যদিও ঋতব্রত বলেন, ‘‘বিধানসভায় কাজে এসেছি। সবই জল্পনা।’’ এরপরই ৫০ জন বিধায়কের প্রসঙ্গ উঠতেই জবাবে ঋতব্রত বলেন, ‘‘আমি আমার এবং সন্দীপন ছাড়া কারও দায়িত্ব নিতে পারব না।’’ এমতাবস্থায় আজ, বুধবার ৫৯ জন তৃণমূল বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে বিধানসভায় হাজির হলেন দলের বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিধানসভায় এইমুহুর্তে তৃণমূলের অন্যান্য বিধায়কেরা এক এক করে বিধানসভায় হাজির হচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন, অরূপ রায়, শিউলি সাহা এবং আখরুজ্জামান, বিধায়ক সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিন-সহ দলের অনেক বিধায়ক।

আরও পড়ুন: এবার কোপ পড়ল সৌরভের নিরাপত্তায়, দাদার Z সিকিউরিটি তুলে দিচ্ছে রাজ্য সরকার

তালিকায় রয়েছেন কারা কারা?

প্রাথমিক অনুমান এই বিক্ষুব্ধ গোষ্ঠী অধ্যক্ষকে চিঠি দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার দাবি জানাবে। এবং সন্দীপন সাহাকে করা হবে উপ বিরোধী দলনেতা। পাশাপাশি মুখ্য সচেতক হিসেবে মুর্শিদাবাদের বিধায়ক আখরুজ্জামানের নাম প্রস্তাব করা হবে বলে মনে করা হচ্ছে। শেষ আপডেট অনুযায়ী এই দলের তালিকায় তৃণমূলের যে বিধায়কেরা রয়েছেন তারা হলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিন, কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা, নিয়ামত শেখ, শিউলি সাহা, জাভেদ খান, তাপস মাইতি, সমীর পাঁজা, অরূপ রায়, মহম্মদ নুর আলম, রথীন ঘোষ, ঊষারানী মন্ডল, প্রিয়া পাল, গুলশান মল্লিক, গোলাম রব্বানী, শুভাশিস দাস।