বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদলের সাথে সাথেই এক ধাক্কায় সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) নিরাপত্তায় বড়সড় বদল করছে সরকার। জানা যাচ্ছে, এবার থেকে Z প্লাস ক্যাটাগরির সিকিউরিটির বদলে Y ক্যাটাগরি নিরাপত্তা পাবেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এক কথায়, বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতির নিরাপত্তায় বড়সড় কাটছাঁট করা হল। কিন্তু কেন হঠাৎ সৌরভের নিরাপত্তা বহর কমাচ্ছে রাজ্য?
হঠাৎ কেন এমন সিদ্ধান্ত রাজ্য সরকারের?
“পূর্বতন শাসকদলের আমলে যা হয়েছে সেসব ভুলে যান।” বাংলায় ক্ষমতায় আসার পরেই এমনটাই শোনা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়। ভারতীয় জনতা পার্টির সরকার প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসার পরই নেতা মন্ত্রী থেকে শুরু করে বিশিষ্টজনদের নিরাপত্তা কতটা প্রয়োজনীয় তা খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি, নবান্নে বৈঠক চলাকালীন শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, কোনও রাজনীতিক বা রাজনীতির সাথে যুক্ত ব্যক্তির যদি প্রকৃত নিরাপত্তার প্রয়োজন না থাকে তবে তাঁকে অহেতুক নিরাপত্তা দেওয়া হবে না।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই শুরু হয় বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে বিশিষ্টজনদের নিরাপত্তা পর্যালোচনা। সেই মতোই, রাজ্য সরকারের কঠিন সিদ্ধান্তের কোপে পড়েন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুলে নেওয়া হয় ডায়মন্ড হারবারের সংসদের Y ক্যাটাগরির নিরাপত্তা। তবে শুধু রাজনীতিক নন সেই সাথে অন্যান্য জগতের বিশিষ্ট তারকাদের নিরাপত্তা প্রয়োজনীয়তা খতিয়ে দেখছিল প্রশাসন। এবার সেই সূত্র ধরেই, CAB প্রধান তথা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভের Z ক্যাটাগরির নিরাপত্তা তুলে নিচ্ছে রাজ্য সরকার। বদলে দাদা পাবেন Y ক্যাটাগরির সিকিউরিটি।
অবশ্যই পড়ুন: জাপানে গিয়ে অবৈধ মসজিদ বানিয়েছিল পাকিস্তানিরা, এবার ভাঙবে প্রশাসন
প্রসঙ্গত, অহেতুক নিরাপত্তা বা গাড়ির দীর্ঘ কনভয় নিয়ে যথেষ্ট আপত্তি রয়েছে শুভেন্দু সরকারের। রাজনীতিক বা বিশিষ্ট ব্যক্তির নিরাপত্তার প্রয়োজন না হলে এই ধরনের বিষয় এক কথায় অপ্রয়োজনীয় হয়ে পড়ে। মূলত সে কারণেই এবার একে একে রাজনীতিবিদ থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তার প্রয়োজনীয়তা খতিয়ে দেখা হচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন, অভিষেক, সৌরভদের তালিকায় জুড়তে পারেন রাজ্য তথা শহর কলকাতার একাধিক পরিচিত মুখ।










