বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই বদলেছে পরিস্থিতি। পূর্বতন সরকারের একাধিক নিয়মে বদল এনেছে বর্তমান রাজ্য সরকার (Government Of West Bengal)। এবার সেই পথ ধরেই পশ্চিমবঙ্গ দিবসের তারিখও বদলে যেতে চলেছে। এবার থেকে তৃণমূলের ঠিক করা তারিখে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে না! বলাই বাহুল্য, রাজ্যের প্রাক্তন শাসক দল পহেলা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছিল। তবে রাজ্যের বর্তমান গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানালেন, আর রাজ্যে বৈশাখ মাসের প্রথম তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হবে না! তাহলে কবে?
কবে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস?
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকাকালীন ঘটা করে পহেলা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। তবে এবার সেই তারিখ নিয়ে এগোতে চাইছে না বিজেপি। বুধবার, নবান্ন থেকে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানালেন, তৃণমূল সরকারের ঠিক করে দেওয়া পহেলা বৈশাখ দিনটিতে আর পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে না। এবার থেকে পশ্চিমবঙ্গ দিবস হবে 20 জুন।
এমন তারিখ ঠিক করার কারণও ব্যাখ্যা করেন মন্ত্রী। দিলীপ ঘোষ বললেন, 20 জুন তারিখটিতেই পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাই এই দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হবে। মন্ত্রী মনে করেন, 20 জুন তারিখটিই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের জন্য যথাযথ।
অবশ্যই পড়ুন: ঋতব্রতদের পর এবার শুভেন্দুর বৈঠকে যোগ দিলেন কুণাল ঘোষ, ফিরহাদ হাকিমরা
শ্যামাপ্রসাদের বিরাট মূর্তি তৈরি করবে রাজ্য সরকার
কলকাতার বুকেই তৈরি হবে বিজেপির স্রষ্ঠা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুটের বিশাল মূর্তি! সম্প্রতি এমন জল্পনাই বেড়েছিল নানা মহলে। বুধবার নবান্ন থেকে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ জানালেন, “আগামী 6 জুলাই এই প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠিত হবে।” আসলে জুলাই মাসের 6 তারিখ শ্যামাপ্রসাদের জন্মদিবস। 1901 সালে এই দিনেই কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। তাই এই বিশেষ দিনটিকেই শ্যামাপ্রসাদের মূর্তি তৈরির ভূমি পুজোর জন্য বেছে নেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, শহরে এদিন উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।










