অনন্যা সরকার, হলদিয়া: ধূমপান (Smoking) যে ভালো অভ্যাস নয়, এটা কে না জানে। কিন্তু তবুও প্রতিদিন বহু আসক্ত মানুষ প্যাকেটের পর প্যাকেট সিগারেটে (Cigarette) ধ্বংস করে যাচ্ছেন। এতে তো শুধু অর্থহানী নয়, স্বাস্থ্যহানীও প্রবলমাত্রায় হচ্ছে। তবুও নেশায় আসক্ত মানুষের সিগারেট ছাড়তে কালঘাম ছুটে যায়। কিন্তু যদি বলি সিগারেটও স্বাস্থ্যকর হতে পারে! কি বিশ্বাস হচ্ছে না? হলদিয়ার (Haldia) পবিত্র দাস (Pabitra Das) সেই অসম্ভবকেই সম্ভব করেছেন। হলদিয়া পেট্রোকেমিক্যালস থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করা পবিত্র মাথায় হঠাৎই বুদ্ধি খেলে যায় এমন এক আবিষ্কারের, যা তাক লাগিয়েছে সবার। ৩১ মে ‘বিশ্ব তামাক মুক্তি দিবস’, সেই উপলক্ষে পবিত্র বানিয়েছেন এক ভেষজ সিগারেট (Herbal Cigarettes), যার নাম রেখেছেন মুক্তি।
কি রয়েছে এই ‘মুক্তি’-র মধ্যে?
পবিত্র দাসের তৈরি এই ভেষজ সিগারেট দিয়ে ধূমপান করা যায়, আবার এর মধ্যে থাকা মশালাগুলি গরম জলে ফুটিয়ে চা হিসাবেও পান করা যায়। এই মজার সিগারেট ইতিমধ্যেই সারা ফেলেছে এলাকায়। বাজার চলতি তামাক দিয়ে তৈরি সিগারেট পান করলে হাজারো রাসায়নিক নির্গত হয়, এটা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তামাক সেবন করে ক্যান্সার সহ একাধিক প্রাণঘাতী অসুখে আক্রান্ত হন কোটি কোটি মানুষ। পরিসংখ্যান অনুযায়ী, ভারতবর্ষে প্রতিদিন প্রায় ৩,৭০০ জনেরও বেশি মানুষ ধূমপান করার ফলে মারা যান। বছরে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ১৩ লক্ষ ৫০ হাজারেরও বেশি।
এদিকে পবিত্রর তৈরি ভেষজ সিগারেট নানান দ্রব্যগুণে ভরপুর। এই সিগারেট পান করলে ক্ষতি তো হবেই না, বরং অনেক উপকার হবে বলে দাবি করা হচ্ছে। উপকরণ হিসেবে এই ভেষজ সিগারেটে ব্যবহার করা হয়েছে শুকনো চা পাতা, শুকনো আলুর খোসা, শুকনো লেবুর খোসা, তুলসী পাতা, পুদিনা পাতা, এলাচ, দারুচিনি, ধনে, জিরে, গোলমরিচ, লবঙ্গ ও তেজপাতা। এগুলি থেকে নির্গত ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকারক নয়। ১ গ্রাম আলুর খোসায় থাকে মাত্র ০.০০৪ মাইক্রোগ্রাম নিকোটিন আর ১ গ্রাম চা পাতাতে রয়েছে ০.৭ মাইক্রোগ্রাম নিকোটিন। এছাড়া তুলসী পাতায় থাকা ইউজেনল, রোসমারিনিক অ্যাসিড ও এপিজেনিনের ক্যান্সার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া লেবুর ভিটামিন সি, গোলমরিচের ভিটামিন এ, ক্যারোটিনয়েডসের মতো আন্টি অক্সিডেন্ট শরীরকে থেকে ফ্রি র্যাডিকেল দূর করে। বাকি সমস্ত মসলাগুলিও একাধিক গুণাগুণ রয়েছে।
আরও পড়ুনঃ চাকরি ছেড়ে ১৯ হাজার টাকায় শুরু করেন চাষ, এখন লাখ লাখ টাকা আয় ITI পাস যুবকের
পবিত্র দাসের তৈরি ভেষজ সিগারেট ‘মুক্তি’-এর দাম মাত্র ৬-৭ টাকা, তামাকজাত সিগারেটের থেকে অনেকটাই কম, তাই বাজারে ‘মুক্তি’-র চাহিদা দিন দিন বাড়ছে। একাধিক ভেষজ গুণে সমৃদ্ধ সিগারেট বানিয়ে পবিত্র দাস এখন শিরোনামে। এর আগে ২০২১ সালে ১৭ রকমের বর্জ্য পদার্থ দিয়ে রাধা কৃষ্ণের মূর্তি বানিয়ে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ নাম তুলেছিলেন পবিত্র। এছাড়া, অভূতপূর্ব শিল্পকর্মের জন্য ‘আমেরিকা বুক অফ রেকর্ডস’-এও নাম ওঠে তার। এখন নবতম আবিষ্কার ভেষজ সিগারেট দিয়ে মন জয় করেছেন হলদিয়াবাসীর।










