‘নদীচোর’ পুত্র ইমরানের ক্যাফে ঘিরে বিতর্ক, বাবা শওকতকে পলাতক ঘোষণা NIA-র

Published:

Saokat Molla

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের পালাবদল হতেই পূর্বতন সরকারের একের পর এক দুর্নীতির চিত্র প্রকাশ্যে আসছে। আর এবার NIA এর টার্গেটে এল ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। কিন্তু তদন্তের খাতিরে তাঁর বাড়িতে গেলেও পাওয়া যায়নি শওকতকে। এদিকে নদীর চর দখল করে শওকতের ছেলে ইমরান মোল্লা মৌখালিতে বিশাল ক্যাফে তৈরি করার অভিযোগ উঠে এল স্থানীয়দের তরফে। স্বাভাবিকভাবেই ‘মাছচোর’ শওকতের ‘নদীচোর’ ছেলের কুকীর্তি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেল রাজনৈতিক মহলে।

বাংলাদেশ পালানোর ছক শওকতের

নির্বাচনের আগে ভাঙড়ের বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনার তদন্তে গতকাল, বৃহস্পতিবার দিনভর তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল NIA। তবে বাড়িতে পাওয়া যায়নি শওকতকে। মৌখালি এলাকাতেও ঘোরে NIA টিম। কিন্তু হদিশ মেলেনি তৃণমূল নেতার। সূত্রের খবর, নদী পেরিয়ে বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন শওকত। যদিও তা সফল হয়নি। শোনা যাচ্ছে, কোনও এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে রয়েছেন তিনি। বন্ধ তিনটি মোবাইলই। এসবের মাঝেই শওকতের ‘নদীচোর’ ছেলের কুকীর্তি প্রকাশ্যে এল।

প্রশ্নের মুখে শওকত মোল্লার ছেলের ক্যাফে

সূত্রের খবর, ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার বিরুদ্ধে মাতলা নদীর চরে মজে যাওয়া ফিশারি দখল করে ক্যাফেটেরিয়া করার অভিযোগ উঠেছে। শওকত মোল্লার ছেলের সেই ক্যাফের নাম ‘অরণ্যকূল’। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্তমানে যেখানে ক্যাফে রয়েছে, সেটা আগে নদী ছিল৷ বেআইনিভাবে তা ভরিয়ে প্রায় কয়েক কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে ওই ক্যাফে। প্রায় ১০ একর জমির উপরে গড়ে উঠেছে এই ক্যাফে। চারিদিকে লোহার গ্রিলের বেড়া। পর্যটকদের থাকার জন্য কটেজও তৈরি করা হচ্ছিল।

ক্যাফেটেরিয়া নিয়ে উঠছে অভিযোগ

শুধু শওকত মোল্লার ছেলেই নন, প্রাক্তন বিধায়ক ‘ঘনিষ্ঠ’ অনেকেই এখানে ক্যাফেটেরিয়া তৈরি করেছেন বলে অভিযোগ। ক্যানিং পূর্ব এবং পশ্চিমের যোগাযোগ রক্ষায় মজে যাওয়া মাতলা নদীর উপর তিনটি ব্রিজ উদ্বোধন করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারই আশেপাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি কফি শপ। কোনরকম অনুমতি ছাড়াই ক্যাফেটেরিয়াগুলো চলছে দিনের পর দিন। বিজেপির রাজ্য কমিটির সদস্য বিকাশ সর্দার বলেন, “ক্ষমতা দেখিয়ে বহু গরিব মানুষকে উচ্ছেদ করা হয়। জায়গাগুলো কোটি কোটি টাকায় বিক্রি করা হয়েছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে।”

আরও পড়ুন: এদের রেশন কার্ড বাতিল হবে জানিয়ে দিল রাজ্য সরকার, কয়েক লক্ষ নাম বাদের আশঙ্কা

শওকত মোল্লাকে পলাতক ঘোষণা NIA-র

শেষ আপডেট অনুযায়ী, তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে আটক করেছেন তদন্তকারীরা। তাকে বেশ কিছু বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই খবর। পাশাপাশি ভাঙড় থানার নলমুড়ি এলাকায় অ্যাম্বুল্যান্স চালক সুরাজ মোল্লার বাড়িতেও তদন্ত চালিয়েছিল NIA। এবং বোমা বাঁধার কাজে যুক্ত অহিদুল ইসলামকে প্রায় ৪ ঘণ্টা ধরে তল্লাশির পর বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে। এদিকে, যেহেতু এখনও খোঁজ পাওয়া যায়নি প্রাক্তন বিধায়কের তাই তাঁকে পলাতক ঘোষণা করল NIA। এমনকি গোপনে যাতে কোনওভাবেই দেশ ছাড়তে না পারে, সেই কারণে ইতিমধ্যেই BSF এর সঙ্গে অভিযুক্তের যাবতীয় তথ্য শেয়ার করেছে NIA।