‘জিরামজি’তে ১৫৩ লক্ষ কর্মদিবস, বাংলায় ১ জুলাই থেকে ফের শুরু ১০০ দিনের কাজ

Published:

MGNREGA In West Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে কাটল জট! সরকার পরিবর্তন হতেই চার বছর পর বাংলায় পুনরায় চালু হতে চলেছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন MGNREGA বা ১০০ দিনের কাজ প্রকল্প (MGNREGA In West Bengal)। জানা গিয়েছে, সোমবার, কেন্দ্রীয় গ্রামীণ বিকাশ মন্ত্রী শিবরাজ সিং চৌহান একটি সরকারি চিঠির মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বাংলায় ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজ

উল্লেখ্য, তৃণমূল জমানায় ২০২২ সালে বাংলায় MGNREGA বা ১০০ দিনের কাজের প্রকল্পকে ঘিরে চরম কেন্দ্র-রাজ্য সংঘাত তৈরি হয়েছিল। শেষে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় সরকার, রাজ্যকে অর্থ বরাদ্দ স্থগিত করে দেওয়ায় থমকে যায় গ্রামীণ কর্মসংস্থান। কেন্দ্রের বক্তব্য ছিল, প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত অর্থ ছাড়া সম্ভব নয়। যা নিয়ে রাজ্য দিল্লিতে আন্দোলন এবং আইনি লড়াইও করেছিল। কিন্তু কিছুই হয়নি। শেষে প্রশাসনিক ক্ষমতা পরিবর্তন হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজত্বে অবশেষে এই জট কাটল। পুনরায় চালু হতে চলেছে ১০০ দিনের কাজের প্রকল্প।

কেন্দ্রের তরফে দেওয়া হল চিঠি

সূত্রের খবর, গতকাল, সোমবার, ৮ জুন কেন্দ্রীয় গ্রামীণ বিকাশ মন্ত্রী শিবরাজ সিং চৌহান একটি সরকারি চিঠির মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে, রাজ্য সরকারের আবেদন এবং মন্ত্রকের দেওয়া শর্তাবলী পূরণের অগ্রগতি খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে পুনরায় ১০০ দিনের কাজের প্রকল্প চালু করার ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে। সেই চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে, বাংলায় ১৫৩ লক্ষ শ্রম দিবসের অনুমোদন করা হয়েছে। কেন্দ্র আশা রাখছে যে রাজ্য সরকার এই সুযোগের সঠিক ব্যবহার করে প্রতিটি যোগ্য আবেদনকারীর কাছে স্বচ্ছতার সঙ্গে কাজ পৌঁছে দেবে।

আরও পড়ুন: UNESCO-র নামে দুর্গাপুজো নিয়েও ব্যবসা, টিকিট বিক্রি! সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ

কেন্দ্রীয় মন্ত্রক চিঠিতে আরও জানিয়েছেন যে, “আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে চালু হতে চলেছে একটি নতুন আইনি কাঠামো ‘Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin)’ বা সংক্ষেপে VB-G RAM G Act, 2025। যার মূল লক্ষ্য গ্রামীণ এলাকায় স্থায়ী ও উৎপাদনশীল সম্পদ তৈরি করা এবং জীবিকার নিরাপত্তা আরও জোরদার করা। আর এই আইনের আওতায় ১ জুলাই থেকে ১০০ দিনের কাজের প্রকল্পটিকেও যুক্ত করা হবে বলে জানানো হচ্ছে। এদিকে দীর্ঘ কয়েক বছর পর পুনরায় MGNREGA চালু হওয়ার রাজ্যের লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিক, যাঁরা দীর্ঘদিন ধরে কর্মসংস্থান সমস্যায় ভুগছিলেন, তাঁরা আবার কাজ নিয়ে আশার আলো দেখছেন।