প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই ভাঙছে তৃণমূল (All India Trinamool Congress)! শেষমেশ জল্পনাই সত্যি হল, এ বার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। কিছুদিন আগেই সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকরা একে একে নিজের ইস্তফাপত্র রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন টলি কুইন কোয়েল মল্লিক। বাকি থাকল মাত্র ৯ জন। মাথায় হাত অভিষেক মমতার।
ইস্তফা দিলেন কোয়েল
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে, সকলকে চমকে দিয়ে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় নাম ছিল রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী এবং অভিনেত্রী কোয়েল মল্লিকের। পরে এপ্রিল মাসে দিল্লিতে রাজ্যসভার সাংসদ পদে শপথ নিয়েছিলেন অভিনেত্রী। সেই সময় তিনি বলেছিলেন, “অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা— এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না।” কিন্তু দলের এই দুর্দিনে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দূরত্ব বাড়ালেন তিনিও।
তৃণমূলের সংখ্যা কমে দাঁড়াল ৯
রাজ্যসভায় প্রথম ইস্তফাটি দিয়েছিলেন সুখেন্দুশেখর রায়। পরে বুধবার ইস্তফা দেন সুস্মিতা দেব আর আজই লক্ষ্মীবারে সাংসদ পদ ছাড়লেন প্রকাশচিক বরাইক এবং কোয়েল মল্লিকও। তাঁর ইস্তফার সঙ্গে রাজ্যসভায় তৃণমূলের সংখ্যা কমে দাঁড়াল ৯। আগে বাংলার ১৬টি রাজ্যসভা আসনের মধ্যে ১৩টি ছিল তৃণমূল কংগ্রেসের। সূত্রের খবর, চলতি সপ্তাহে আরও এক এবং আগামী সপ্তাহে আরও দু’তিন জন রাজ্যসভার সাংসদ পদত্যাগ করতে পারেন। যদিও সবটাই অনুমান।
আরও পড়ুন: কাঁচরাপাড়ার বেসরকারি স্কুলে উদ্ধার কোটি টাকা! মিলল শোয়ার ঘর, কন্ডোম
প্রসঙ্গত, ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের পরিষদীয় দল ভেঙে গিয়েছে। মমতা-অভিষেকের থেকে দূরত্ব তৈরি করে ৬৪ জন বিধায়ক বিদ্রোহী দলে যোগ দিয়েছে। এমনকি লোকসভাতেও একই ধাঁচে তৈরি হয়েছে নতুন তৃণমূল। সংসদের নিম্নকক্ষে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে একজোট হয়ে NDA-তে শামিল হওয়ার চিঠি দিয়েছেন প্রায় ২০ তৃণমূল সাংসদ। এখন দেখার রাজ্যসভায় কী হাল হয় তৃণমূলের।










