সৌভিক মুখার্জী, কলকাতা: আগামীকাল অর্থাৎ ১৫ জুন থেকে রাজ্যজুড়ে চালু হচ্ছে জনকল্যাণ শিবির (Jan Kalyan Shivir)। রাজ্য প্রশাসনের তরফ থেকে আয়োজিত এই শিবিরে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ফর্ম জমা দেওয়া যাবে এবং যাবতীয় সমস্যা সমাধান হবে। অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা কৃষক বন্ধু কিংবা রাজ্য, কেন্দ্রের অন্যান্য স্কিম, মোট ৫২টি প্রকল্পের সুবিধা মিলবে এই শিবিরে (Government Scheme)। কোন কোন প্রকল্প তা বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
জানিয়ে দিই, রাজ্যের প্রতিটি জেলার যোগ্য বাসিন্দাদের কাছে কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন সরকারি সুবিধামূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্যই এই শিবিরের আয়োজন করা হচ্ছে। এই শিবিরের মাধ্যমেই সব প্রকল্পে রেজিস্ট্রেশন, আবেদন এবং ভেরিফিকেশন হবে। এমনকি কোন জেলার শিবিরের দেখভালের দায়িত্বে কোন আধিকারিকরা থাকবেন সেই তালিকাও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আর আপনার এলাকায় কোথায় শিবির বসবে তাও অনলাইনের মাধ্যমে দেখে নেওয়া যাবে।
কোন কোন প্রকল্পের সুবিধা মিলবে?
রাজ্য সরকারের তরফ থেকে এবার এই জনকল্যাণ শিবিরে মোট ৫২টি প্রকল্পের সুবিধা দেওয়া হবে। যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে—
- কৃষকদের জন্য পিএম কিষান সম্মান নিধি, কৃষাণ ক্রেডিট কার্ড, এগ্রিকালচার ইনফাস্ট্রাকচার ফান্ড ইত্যাদি।
- পিছিয়ে পড়া জনজাতির জন্য প্রি-ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, শিক্ষাশ্রী, মেধাশ্রী, তপশিলি বন্ধু প্রকল্প।
- ভবিষ্যৎ সুরক্ষার জন্য রয়েছে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা, পিএম সুরক্ষা বীমা যোজনা, অটল পেনশন যোজনা।
- মৎস্যজীবীদের জন্য রয়েছে পিএম মৎস্য কিষাণ সমৃদ্ধি যোজনা।
- খাদ্য দফতরের জন্য রয়েছে পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, পিএম উজ্জ্বলা যোজনা। এছাড়া এমআইডিএইচ স্কিমের সুবিধাও মিলবে।
- স্বাস্থ্যের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা দেওয়া হবে।
- উচ্চশিক্ষার ক্ষেত্রে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়া হবে, যেখানে শিক্ষার্থীরা লোন নিয়ে উচ্চশিক্ষা চালিয়ে দিতে পারবে।
- নাগরিকত্বের জন্য আধার এনরোলমেন্ট, আধার সিডিং, সিএএ অ্যাপ্লিকেশন ইত্যাদির সুবিধা মিলবে।
- শ্রমজীবীদের জন্য রয়েছে ই-শ্রম, পিএম শ্রমযোগী মান্ধন, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, পরিযায়ী শ্রমিক যোজনা ইত্যাদি।
- এছাড়া জমির জন্য পাট্টা, রেকর্ড ইত্যাদি পাওয়া যাবে।
- মাইনরিটিদের জন্য প্রি-ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের সুবিধা মিলবে। তাছাড়া পিএম-ভিআইপিএস স্কিমের সুবিধা পাওয়া যাবে।
- ক্ষুদ্র লোনের জন্য পিএম বিশ্বকর্মা যোজনা, পিএম-ইজিপি যোজনা, মুদ্রা ঋণে রেজিস্ট্রেশন ইত্যাদি সুবিধা মিলবে।
- ইলেকট্রিসিটির জন্য রয়েছে পিএম সূর্যঘর যোজনা।
- পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের জন্য রয়েছে স্বচ্ছ ভারত মিশন, জব কার্ডের সুবিধা।
- টেকনিক্যাল এডুকেশনের জন্য রয়েছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস প্রমোশন স্কিম, ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিম, দিন দয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা, উৎকর্ষ বাংলা, রোজগার সেবা, প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ যোজনা ইত্যাদি।
- পিছিয়ে পড়া জনজাতির জন্য রয়েছে প্রি-ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধা। এছাড়া জয় জোহার প্রকল্পের সুবিধাও পাওয়া যাবে।
- শহর উন্নয়ন এবং পৌর উন্নয়নের জন্য রয়েছে পিএম স্বনীধি যোজনা, স্বচ্ছ ভারত মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা।
- মহিলা এবং শিশু কল্যাণ দফতরের জন্য রয়েছে অন্নপূর্ণা যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কন্যাশ্রী ইত্যাদি।
আরও পড়ুন: ব্রিটিশ ঐতিহ্যে ইতি, জওয়ানদের জন্য নতুন ড্রেস কোড চালু করল ভারতীয় সেনা
উল্লেখ্য, আগামী ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় এই ক্যাম্প বসানো হবে। এমনকি গোটা রাজ্যে এই সুবিধা মিলবে। সরকার ইতিমধ্যে বিভিন্ন স্তরে একাধিক কমিটি এবং ট্রাস্ট ফোর্স গঠন করে ফেলেছে। এমনকি একটি সিঙ্গেল উইন্ডো ব্যবস্থার মাধ্যমে সরাসরি মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।










