সৌভিক মুখার্জী, কলকাতা: পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। তবে তাঁর জামিনের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি শুভ্রা ঘোষ। সেই সূত্রে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবার তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সুজিতের মামলা পাঠালেন। আগামী ৩ সেপ্টেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা।
তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে গেল সুজিতের মামলা
গত বুধবার সুজিত বসুর মামলার শুনানি ছিল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। কিন্তু ঘোষের চেম্বারে ঢুকে তাঁর ব্যক্তিগত সচিবের কাছে ফাইল চাওয়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন মন্ত্রীর আইনজীবীর বিরুদ্ধে। এই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ হিসাবে আখ্যা দিয়ে সুজিত বসুর মামলা থেকে সরে দাঁড়িয়ে বিচারপতি জানিয়েছেন, মঙ্গলবার সুজিতের এক আইনজীবী তাঁর চেম্বারে গিয়েছিলেন। সেই সময় তিনি ছিলেন না। তবে তাঁর ব্যক্তিগত সচিবের কাছেই চেম্বারে থাকা ফাইল দিতে বলেন ওই আইনজীবী। এমনকি চেম্বারে ঢুকে মামলার রেকর্ড দেখতে চাইলে তাঁকে বাধা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ বিচারপতি ঘোষের।
তবে প্রাক্তন মন্ত্রীর মামলা থেকে বিচারপতি শুভ্রা ঘোষ সরে দাঁড়ানোতে স্বাভাবিকভাবেই প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে চলে যায় সেই মামলা। এমনকি বিচারপতি ঘোষ জানান, গোটা বিষয়টি তিনি প্রধান বিচারপতিকে জানিয়েছেন। তবে মঙ্গলবার প্রধান বিচারপতি ফের মামলাটি শুনানির জন্য নতুন বেঞ্চ ঠিক করেন, এবং আগামী ৩ সেপ্টেম্বর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হবে বলেই খবর।
আরও পড়ুন: “৭২ গোষ্ঠীকে OBC, মুসলিমদের ৯৮ শতাংশ সংরক্ষণ, এটাই তোষণ” বিস্ফোরক মুখ্যমন্ত্রী
যদিও প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে সুজিতের আইনজীবী বিষয়টি অস্বীকার করেছিলেন। এমনকি তাঁর দাবি, ঘরের বাইরেই অপেক্ষা করছিলেন তিনি। সিসিটিভি ফুটেজ সংরক্ষণেরও দাবি জানান ওই আইনজীবী। সেই সূত্রে চেম্বারে ঢুকে ফাইল চাওয়ার অভিযোগের তদন্তের দাবি জানিয়েছেন আইনজীবী মৌসুমী ভৌমিক নিজেই। এমনকি তিনি জানান, ওই অভিযোগের পর তাঁর পেশাগত জীবন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। ঘটনার সত্যতা যাচাই করা হয়নি।










