মৃগীর ভান করে জেল থেকে পালাল ১৭ জন বন্দি, আটক ১, শুরু তল্লাশি

Published:

Tamilnadu Jail

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জেল ভেঙে পালাল 17 জন বন্দি। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে (Tamilnadu)। সূত্রের খবর, পলাতক 17 জনের মধ্যে একজনকে জঙ্গলের ভেতর থেকে ধরতে পারলেও বাকি 16 জনকে পাকড়াও করতে অক্ষম পুলিশ (Police)। জানা যাচ্ছে, পালিয়ে যাওয়া আসামিদের ধরার জন্য 17টি বিশেষ দল গঠন করা হয়েছে। জোর কদমে চলছে তল্লাশি। পার্শ্ববর্তী সমস্ত রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। তামিলনাড়ু সীমান্ত পেরিয়ে যাতে বন্দিরা দেশের অন্যত্র পালিয়ে যেতে না পারে, সেজন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা।

মৃগীতে আক্রান্ত হওয়ার ভান করে পালালো বন্দিরা

গতকাল অর্থাৎ সোমবার রাতের ঘটনা। তামিলনাড়ুর আন্দিপাত্তি থেক্কমপত্তি জেলের ভেতরে মোট 17 জন বন্দিকে একই সেলের মধ্যে রাখা হয়েছিল। এদিন সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন এক বন্দি। তারপরই চিৎকার করতে শুরু করেন বাকিরা। সেই আওয়াজ শুনে ছুটে যান দুজন কারারক্ষী। ছুটে আসেন এক পুলিশ কর্মকর্তাও। সেলের ভেতরে ঢুকতেই দেখা যায় এক বন্দি মৃগীতে আক্রান্ত হয়ে পড়ে রয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃগী রোগে আক্রান্ত হওয়ার নাটক করছিলেন ওই বন্দি। এদিকে তাঁকে ঘিরে দাঁড়িয়েছিলেন বাকিরা। ইন্সপেক্টর জেনারেল বিজয়েন্দ্র বিদারি বলেন, “সবটাই নাটক ছিল। আসলে মৃগী রোগে আক্রান্ত হওয়ার নাটক করছিলেন ওই ব্যক্তি। সমস্যা হয়েছে দেখে কারারক্ষীরা ভেতরে ঢুকলে তাঁদের উপর হামলা চালান বন্দিরা। তারপরই পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যান 17 জন। পরে তাঁদের ধাওয়া করে একজনকে ধরা গেলেও বাকিরা ততক্ষণে চম্পট দিয়েছিলেন।’

পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত এক বন্দি মাদুরাইয়ের বাসিন্দা। বর্তমানে তাঁকে সংশ্লিষ্ট জেলেরই একটি সেলে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। পালিয়ে যাওয়া বন্দিদের খুঁজে পেতে সীমান্তে জারি হয়েছে সতর্কতা। তাঁরা যাতে অন্য রাজ্যেও পালাতে না পারেন সেজন্য পার্শ্ববর্তী রাজ্যের প্রশাসনের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছে তামিলনাড়ুর পুলিশ।

 

আরও পড়ুন: “২০২৭ বিশ্বকাপে খেলতে চাই, তাই আমায় গিলকে খুশি রাখতে হবে” বিরাট মন্তব্য রোহিত শর্মার

সূত্রের যা খবর, পলাতক বন্দিদের খুঁজে বের করতে 16টি জায়গায় অস্থায়ীভাবে পুলিশচৌকি বানিয়ে চলছে তল্লাশি। এছাড়াও পালিয়ে যাওয়া আসামিদের ছবি প্রিন্ট করিয়ে বিভিন্ন বাজার সহ অন্যান্য জায়গায় বিলি করা হচ্ছে। পুলিশের তরফে তামিলনাড়ুর নাগরিকদের মাইকিং করেও নাকি জানানো হয়েছে, বন্দিদের খোঁজ পেলে দ্রুত নিকটবর্তী থানায় খবর দিতে হবে। সবমিলিয়ে, অসামিদের ফের হেফাজতে নিতে বদ্ধপরিকর তামিলনাড়ুর প্রশাসন।

google button