শিলাবৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড রাজগঞ্জ! ফুটো বাড়ির চাল, নষ্ট ধান, ভাঙল পুজোমণ্ডপও

Published:

rayganj

আনিষা চৌধুরী, কলকাতা: আবহাওয়া দফতরের তরফে আগেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই আশঙ্কাকে সত্যি করেই বুধবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়ল উত্তরবঙ্গের একাধিক এলাকা। বিশেষ করে জলপাইগুড়ির রাজগঞ্জ (Rajganj) ব্লকের শিকারপুরে প্রকৃতির রুদ্ররূপ আরও ভয়াবহ আকার ধারণ করেছে। আচমকা প্রবল শিলাবৃষ্টিতে (Hailstorm) কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল বিস্তীর্ণ অঞ্চল। মুহূর্তের মধ্যে বদলে গিয়েছে এলাকার চেনা ছবি। ক্ষতিগ্রস্ত বাড়িঘর, কৃষিজমি থেকে শুরু করে কালীপুজোর মণ্ডপও।

ঠিক কী ঘটেছে ওই এলাকায়?

বুধবার বিকেল পাঁচটার পর থেকেই শিকারপুর অঞ্চলে শুরু হয় প্রবল শিলাবৃষ্টি। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। বড় বড় শিলের আঘাতে একাধিক বাড়ির টিনের চাল ফুটো হয়ে যায়। মাঠে থাকা ধান ও অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর। পাশাপাশি বিভিন্ন জায়গায় গাছের ডাল ভেঙে পড়া এবং গাছ উপড়ে যাওয়ার ঘটনাও সামনে এসেছে।

এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে শিকারপুর, গেট বাজার এবং মন্তাদারি সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল। একাধিক গ্রামের বাড়িঘর ও কৃষিজমিতে ক্ষয়ক্ষতির খবর মিলেছে। শুধু বসতবাড়ি কিংবা চাষের জমি নয়, উৎসবের প্রস্তুতিও ধসে পড়েছে প্রকৃতির এই তাণ্ডবে। কালীপুজোর বেশ কয়েকটি মণ্ডপ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও আলোকসজ্জা ভেঙে পড়েছে, আবার কোথাও মণ্ডপের কাঠামোর বিভিন্ন অংশ নষ্ট হয়েছে।

হঠাৎ এই শিলাবৃষ্টিতে বিপাকে পড়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকরা। টিনের চাল ফুটো হয়ে যাওয়ায় বাড়ির ভিতরেও ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে, মাঠে থাকা ধান নষ্ট হওয়ায় মাথায় হাত চাষিদের। যাঁদের উপার্জন মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল, তাঁদের কাছে এই ক্ষতি বড়সড় আর্থিক ধাক্কা হয়ে উঠতে পারে। পুজোমণ্ডপ ক্ষতিগ্রস্ত হওয়ায় সমস্যায় পড়েছেন উদ্যোক্তারাও।

আরও পড়ুন: সরকারি কর্মীদের ল্যাপটপ-ট্যাবের ঊর্ধ্বসীমা বেড়ে ১.৮ লক্ষ, ৪ বছর পর মিলবে মালিকানা

শুধু শিকারপুর নয়, জলপাইগুড়ি জেলার অন্যান্য এলাকাতেও শিলাবৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত গোটা ঘটনায় মোট কতটা ক্ষতি হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসেব সামনে আসেনি। এবার প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে কত দ্রুত পরিস্থিতির মূল্যায়ন করে, সেটাই দেখার। বিশেষ করে যাঁদের বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, তাঁদের পাশে সরকার কীভাবে দাঁড়ায় এবং প্রয়োজনীয় আর্থিক সাহায্য পৌঁছে দেয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।

google button