ফের সম্পত্তিতে আদানির কাছে হেরে ছিটকে গেলেন মুকেশ আম্বানি

Published:

Ambani Vs Gautam Adani

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আবারও মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) ধাক্কা দিয়ে সম্পদের নিরিখে শীর্ষস্থান দখল করলেন গৌতাম আদানি (Gautam Adani)। ঠিক উৎসবের মরসুম শুরুর প্রাক্কালে নিজের সম্পদের পরিমাণ আরও বাড়িয়ে নিলেন এই ভারতীয় শিল্পপতি। গতকাল অর্থাৎ 23 সেপ্টেম্বর, ভারতীয় ধনকুবেরদের সর্বশেষ তালিকা প্রকাশ করেছিল ব্রিটিশ গবেষণা সংস্থা হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট 2026 নামক সেই তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি।

আবারও মুকেশ আম্বানিকে ঝটকা দিলেন গৌতম আদানি

বুধবার প্রকাশিত, এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট 2026 অনুযায়ী, আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি এবং তাঁর পরিবারের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে 13 শতাংশ। সহজ ভাষায় বলতে গেলে, ভারতীয় শিল্পপতির সম্পদের পরিমাণ বেড়ে হয়েছে 9 লক্ষ 23 হাজার কোটি টাকা। ঠিক উল্টোদিকে দুঃসময় কাটাচ্ছেন মুকেশ আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের মোট সম্পদের পরিমাণ 10 শতাংশ কমে গিয়েছে। যার ফলে তালিকার দ্বিতীয় স্থানে নাম রয়েছে আম্বানির। তাঁর সম্পদ নেমে এসেছে 8 লক্ষ 63 হাজার কোটিতে।

সব মিলিয়ে বলাই যায়, আবারও সম্পদের নিরিখে মুকেশ আম্বানিকে বড়সড় ধাক্কা দিলেন গৌতম আদানি। তবে এই দুই শিল্পপতির হিসেব বাদ দিলে এবছর প্রকাশিত ওই তালিকায় 1000 কোটি টাকার সম্পদের অধিকারী 1810 জন এমন ভারতীয় শিল্পপতিকে জায়গা দেওয়া হয়েছে। হুরুনের সমীক্ষা বলছে, গত বছরের তুলনায় এবছর তাঁদের সম্পদের পরিমাণ 12.8 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এখানেই শেষ নয়, সম্পদের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি শেষ এক বছরের মধ্যে ভারতে লাফিয়ে বেড়েছে ধনকুবেরদের সংখ্যা। ওই সংস্থার রিপোর্টে বলা হচ্ছে, ভারতে হাজার হাজার কোটি টাকার মালিক এমন শিল্পপতির সংখ্যা 391 এ গিয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: “ভারতের কাছ থেকে কিছু শেখা উচিত!” টিম ইন্ডিয়ার প্রশংসা পাকিস্তানের প্রধান কোচের

উল্লেখ্য, এর আগে 2022 সালে হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে প্রথমবারের মতো মুকেশ আম্বানিকে পেছনে ফেলে সম্পদের নিরিখে ভারতে শীর্ষস্থান দখল করেছিলেন আদানি। তবে এরপরই 2023 সালে গুজরাতের এই শিল্পপতির বিরুদ্ধে শেয়ারে কারসাজির অভিযোগ তুলে রিপোর্ট প্রকাশ করেছিল মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। যার জেরে ধাক্কা খেতে হয়েছিল আদানি গোষ্ঠীকে। তবে সেইসব ধাক্কা সামলে আবারও মাথা উঁচু করে দাঁড়াল আদানি গ্রুপ।