বিক্রম ব্যানার্জী, কলকাতা: আধুনিক যুগে দাঁড়িয়ে রোবটিক্সে (Robot) ক্ষেত্রে চিনের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামার প্রস্তুতি নিচ্ছে ভারত (India)। তাতে বড় অবদান রাখতে চলেছে ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড সমর্থিত ভারতীয় স্টার্টআপ সংস্থা অ্যাডভার্ব টেকনোলজিস লিমিটেড। এই দেশীয় সংস্থাটি রোবট নির্মাণ খাতে 100 মিলিয়ন ডলারের মূলধন সংগ্রহের চেষ্টা করছে। তা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন আম্বানি সমর্থিত সংস্থার CEO সঙ্গীত কুমার।
আম্বানির রোবট হার মানাবে চিনকেও!
ভারতীয় স্টার্টআপ সংস্থা অ্যাডভার্ব ইতিমধ্যেই আমেরিকা, নেদারল্যান্ডস এমনকি অস্ট্রেলিয়ার মতো দেশে নিজেদের ব্যবসা সম্প্রসারিত করেছে। এবার সংস্থাটির লক্ষ্য 100 মিলিয়ন ডলারের বিপুল মূলধন সংগ্রহ করা। এ প্রসঙ্গে সংস্থার CEO সঙ্গীত কুমার জানিয়েছেন, তাদের সংস্থা নতুন প্রযুক্তি খাতে বিনিয়োগ করছে কারণ তারা হিউম্যানয়েড রোবট খাতে নিজেদের ব্যবসা বাড়াতে চাইছে। শুধু তাই নয়, সংস্থাটি আগামী কিছু বছরের মধ্যেই শেয়ার বাজারে নিজেদের নথিভুক্ত করতে চায়।
এই মুহূর্তে চিন, জাপান এমনকি আমেরিকার মতো দেশের সংস্থাগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতায় কার্যত হিমশিম ভারতীয় সংস্থাটি। তবে কোম্পানির CEO সঙ্গীত কুমার আশা রাখছেন, বিশ্বের দ্রুত বর্ধনশীল এই শিল্পে ভারতীয় সংস্থার বড় জায়গা রয়েছে। সবচেয়ে বড় কথা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির সমর্থন পাওয়ার পর এই সংস্থাটি বেশ কয়েকটি ভারতীয় সংস্থাকে গ্রাহক হিসেবে যুক্ত করে ফেলেছে।
এক সাক্ষাৎকারে সংস্থার CEO কুমার জানান, “আমরা আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের শীর্ষ 10 এ এবং পরবর্তী 10 বছরের মধ্যে শীর্ষ 5 সংস্থার মধ্যে থাকতে চাই।” যদিও বর্তমানে এই সংস্থা রোবোটিক্স খাতে বিশ্বের শীর্ষ 30টি সংস্থার মধ্যে রয়েছে। সংস্থাটি আশা করে, তারা নিজেদের ব্যবসায় আশানুরূপ ফল করতে পারবে।
অবশ্যই পড়ুন: কম বাজেটে ঘুরে আসুন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ থেকে, তালিকায় রাখুন বুলস ট্রেক
প্রসঙ্গত, 2021 সালের পর থেকে তহবিল সংগ্রহের কাজ করছে রোবটিক্স খাতের ভারতীয় কোম্পানি অ্যাডভার্ব। প্রথমবারের মতো এই সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছ থেকে বিশেষ চুক্তির অধীনে 132 মিলিয়ন ডলার পেয়েছিল। যার বিনিময়ে এই কোম্পানির নিয়ন্ত্রণকারী অংশীদারিত্ব রয়েছে রিলায়েন্সের হাতে। এছাড়াও সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং অন্যান্য কর্মচারীরা এই রোবটিক্স কোম্পানির পঞ্চমাংশের মালিক। সংস্থাটি জানিয়েছে, তারা হিউম্যানয়েড ও চতুষ্পদী রোবট পণ্য তৈরি করে ডেটা সংগ্রহ ও উন্নত মেশিন লার্নিং এর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবস্থা গড়ে তুলতে ব্যবহার করবে। এক কথায় আগামী দিনে, রোবট তৈরির ক্ষেত্রে চিনা সংস্থাগুলিকে টেক্কা দেওয়ার স্বপ্ন রয়েছে এই কোম্পানির।










