রাশিয়ার বদলে আমেরিকা থেকে তেল কিনবে ভারত! দেশে বাড়বে পেট্রোল-ডিজেলের দাম?

Published:

Petrol Diesel Price
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সোমবার ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত নতুন বাণিজ্য চুক্তি ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে। তবে এই চুক্তির সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল, ভারত এবার রাশিয়ার বদলে আমেরিকা থেকেই অপরিশোধিত তেল কিনতে পারবে। সেই কারণে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, তাহলে এর ফলে কি পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price) বাড়বে? কারণ, রাশিয়া থেকে ভারত এতদিন যে তেল কিনেছিল, সেখানে ছিল সবথেকে বড় ছাড়। তবে নতুন সিদ্ধান্তে জ্বালানির দামে কি প্রভাব পড়তে পারে? বিস্তারিত জানুন।

পেট্রোল-ডিজেলের দামে কি প্রভাব পড়বে?

এতদিন যাবৎ ভারত রাশিয়া থেকে কম দামে অপরিশোধিত তেল কিনে আসছিল। এই সস্তার তেল দেশের অর্থনীতিকে স্বস্তি দিয়েছিল। তবে নতুন চুক্তি অনুযায়ী, রাশিয়ার সেই ছাড় আর পাওয়া যাবে না। আমেরিকার তেল সাধারণত রাশিয়ার ডিসকাউন্টের তুলনায় কিছুটা দামি। তার উপর পরিবহন খরচ যুক্ত হলে ভারতে পৌঁছনোর পর তেলের খরচ আরও বাড়তে পারে। আর বিশেষজ্ঞদের মতে, এর সরাসরি প্রভাব পড়বে পেট্রোল ও ডিজেলের দামে। এমনকি লিটার পিছু ২ থেকে ৩ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে।

তবে এখানে আরেকটা টুইস্ট রয়েছে। কারণ, আমেরিকার সঙ্গে জ্বালানি চুক্তি ভারতের জন্য বেশ কিছু সুবিধাও নিয়ে আসছে। প্রথমত, আমেরিকা বিশ্বের সবথেকে বড় তেল উৎপাদক দেশ। আর রাশিয়-ইউক্রেন যুদ্ধের মতো অস্থির পরিস্থিতিতে আমেরিকার থেকে তেল পাওয়া মানেই সরবরাহের নিরাপত্তা তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয়ত, ট্রেড ডিলের পর সোমবার ডলারের তুলনায় রুপি প্রায় ৪০ পয়সা শক্তিশালী হয়েছে। আর রুপি আরও শক্তিশালী হলে তেল কিনতে কম ডলার খরচ হবে। ফলে চাপ কমতে পারে। তৃতীয়ত, ভারতীয় রিফাইনারগুলি মূলত আমেরিকার ‘লাইট সুইট ক্রুড’ পরিশোধনের জন্য উপযুক্ত। ফলে তেল শোধনের খরচ অনেকটাই কম পড়তে পারে।

আরও পড়ুন: ২০০ কিমিতে ছুটবে ট্রেন! ভারতের এই রাজ্য তৈরি করছে নিজস্ব হাই-স্পিড রেল নেটওয়ার্ক

তবে হ্যাঁ, বর্তমানে সরকার পেট্রোল-ডিজেলের দাম বাড়াতে চাইবে না বলেই মত প্রকাশ করছে বিশেষজ্ঞরা। কারণ, বাজেট ২০২৬ এর ঠিক পরেই সাধারণ মানুষের উপর মূল্যবৃদ্ধির চাপ হয়ত ফেলতে চাইবে না কেন্দ্র সরকার। কিন্তু আন্তর্জাতিক বাজারে যদি অপরিশোধিত তেলের দাম হঠাৎ করে বেড়ে যায়, সেক্ষেত্রে রাশিয়ার সস্তা তেল না পাওয়া গেলে ভবিষ্যতে সাধারণ মানুষের পকেটের উপর প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না।