সৌভিক মুখার্জী, কলকাতা: এবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) একহাত নিলেন ককরোচ জানাতে পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ভিতরে মতপার্থক্যের দাবিকে কেন্দ্র করে প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনকে হাতিয়ার করে এবার জ্ঞানেশ কুমারকে ‘দেশের শত্রু’ আখ্যা দিয়ে আক্রমণ করলেন অভিজিৎ। এমনকি দীপকে বলেন, তিনি নির্বাচন পরিচালনা করছেন না, বরং একটি চিত্রনাট্য লিখছেন।
জ্ঞানেশ কুমারকে চরম কটাক্ষ অভিজিৎ দীপকের
ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী, এসআইআর চলাকালীন ১০ মাসের মধ্যেই দুই নির্বাচন কমিশনার ড. সুখবীর সিং সাধু এবং ড. বিবেক যোশী মোট ১৪ বার আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছিলেন। সেখানে আরও দাবি করা হচ্ছে যে, এই আপত্তিগুলিকে উপেক্ষা করেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় নির্বাচন কমিশনের তরফে। পাশাপাশি আম আদমি পার্টির সাথে সমাজবাদী পার্টি এবং সিজেপি নেতা সহ বিভিন্ন বিরোধীদল আগে থেকেই জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিজিৎ একটি পোস্ট করে জানিয়েছেন, “জ্ঞানেশ কুমার ভারতের জন্য শত্রু। ভোটার তালিকা থেকে ১২ কোটির বেশি নাম বাদ দেওয়া হয়েছে। এই সংখ্যা ২০২৪ লোকসভার নির্বাচনের জন্য নিবন্ধিত ৯৭ কোটি ভোটারের ১২.৪ শতাংশ। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ আর বিরোধী দলের মধ্যে ব্যবধান মাত্র ২ শতাংশ। জ্ঞানেশ কুমার নির্বাচন পরিচালনা করছেন না, বরং তিনি এর চিত্রনাট্য লিখছেন।” এমনকি অন্য একটি পোস্টে এসআইআর-কে ভোটার তালিকার কারচুপি হিসেবে উল্লেখ করেন অভিজিৎ।
Gyanesh Kumar is the enemy of India.
More than 12 crore names have reportedly been deleted from electoral rolls.
That is roughly 12.4% of the 97 crore registered electorate around the 2024 Lok Sabha election.
The gap between the BJP-led NDA and the opposition was just 2%.… pic.twitter.com/t7ZQjSYrId
— Abhijeet Dipke (@abhijeet_dipke) September 23, 2026
আরও পড়ুন: “জ্ঞানেশ কুমার নিজের পরিবারকে.. আমাদের ইলেকশন ফিরিয়ে দিন” লাইভে বেফাঁস মমতা
এদিকে সিজেপির নেতা আশুতোষ রঙ্কাও জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করে তাঁকে গণতন্ত্রের ধ্বংসকারী বলে আখ্যা দেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “যখন এই দেশের ইতিহাস লেখা হবে, তখন গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িতদের তালিকায় জ্ঞানেশ কুমারের নাম শীর্ষে থাকবে।” পরে দীপকে সেই পোস্ট শেয়ার করে যোগ করেন, “জ্ঞানেশ কুমার যে ভারতের শত্রু এ কথা বলতে দ্বিধাবোধ করা উচিত নয়।”










