“জ্ঞানেশ কুমার নিজের পরিবারকে.. আমাদের ইলেকশন ফিরিয়ে দিন” লাইভে বেফাঁস মমতা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আবারও বিতর্কে জড়ালেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। এবার নেপথ্যে SIR। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন ঘিরেই তোলপাড় হয়ে যাচ্ছে গোটা দেশ। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে আপত্তি প্রকাশ করেছিলেন দুই নির্বাচন কমিশনার। গত 10 মাসে মুখ্য নির্বাচন কমিশনারের সিদ্ধান্তে অন্তত 14 বার আপত্তি প্রকাশ করে অভিযোগ দায়ের হয়েছে। আপত্তি জানানো হয়েছে পশ্চিমবঙ্গ এবং গোয়ার SIR প্রক্রিয়ার কিছু বিষয় নিয়ে, কিন্তু তা সত্বেও কারও কথা শোনেননি জ্ঞানেশ কুমার। এবার তা নিয়েই ফেসবুক লাইভে এসে নির্বাচন কমিশন সহ বিজেপিকে একযোগে নিশানা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মমতার নিশানায় বিজেপি এবং জ্ঞানেশ কুমার

বুধবার, নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে লাইভে এসে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি নিশানা করেন মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেন, “আমরাই প্রথমবার বলেছিলাম যে, SIR এর নামে বাংলায় ভোট লুট করা হয়েছে। একের পর এক যোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে SIR এর নাম করে। নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিজেপির কথায় এসব করেছে। আমরা বারবার বলেছি আমাদের কথা কেউ শোনেনি!”

এদিন নিজের ফেসবুক লাইভ থেকে বিজেপিকে কার্যত এক হাত নিয়ে মমতা বলেন, “আপনারা সব জায়গায় ভোট লুট করে জেতেন।” এদিন বাংলার বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় 92 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে। এরপর ইভিএম মেশিন হাইজ্যাক করেছে আমাদের কাছে খবর আছে। আপনারা দেখেছেন ভোটের পর আলিপুরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসের একতলা, দোতলা, তিনতলায় আগুন নেই এদিকে হঠাৎ করে যেখানে ইভিএম মেশিন ছিল যেখানে বিজেপি জোর করে দুই নম্বরি করে জিতেছে সব, সেসব জায়গার নির্বাচনের ফলাফল পুড়িয়ে দেওয়া হয়েছে।”

 

আরও পড়ুন: শহরে আসছেন নাইজেরিয়ান স্ট্রাইকার, ইস্টবেঙ্গলের জন্য চরম সুখবর

মমতার অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নিজের পরিবারকে সবকিছু পাইয়ে দেওয়ার জন্য বিজেপিকে সব রকম ভাবে সহযোগিতা করেছেন। ভারতীয় জনতা পার্টি নাকি যা বলেছে তাই শুনেছেন গণেশ কুমার। প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন বিজেপিকে সরাসরি নিশানা করে বলেন, “তাঁরা জোর করে বাংলার ইলেকশন লুট করেছে। পারবেন ফিরিয়ে দিতে? যদি এক ফোঁটা মানবিকতা থাকে আমাদের ইলেকশন ফিরিয়ে দিন। আপনারা বিহারে জেতেননি, মধ্যপ্রদেশে জেতেননি, হরিয়ানায় জেতেননি, বাংলায় জেতেননি।” তৃণমূল নেত্রীর বক্তব্য, তাঁরা এতদিন বারবার বলে এসেছেন ভোট লুট হচ্ছে, কেউ শোনেনি! আজকের দিনে দাঁড়িয়ে তাঁদের কথাই প্রমাণ হয়ে গেল।