এই কাজ না করলে হাতছাড়া হবে আয়ুষ্মান ভারত কার্ড

Published:

Ayushman Bharat e-KYC Update

আনিষা চৌধুরী, কলকাতা: কম খরচে বা বিনামূল্যে চিকিৎসার সুযোগ দিতে কেন্দ্রের গৃহীত গুরুত্বপূর্ণ উদ্যোগগুলির মধ্যে অন্যতম এই ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) প্রকল্প। এই প্রকল্পের আওতায় নাম থাকলেই কিন্তু কার্ডের সুবিধা পাওয়া যায় না। এজন্য কয়েকটি বিশেষ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করার পর ই-কেওয়াইসি (E-KYC) সম্পূর্ণ করাও অত্যন্ত জরুরি। সেই প্রক্রিয়া শেষ না হলে কার্ড তৈরি বা ডাউনলোড করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে পোর্টাল বা অ্যাপে আবেদনকারীর স্ট্যাটাস ‘পেন্ডিং’ কিংবা ‘আইডেন্টিফায়েড’ও দেখাতে পারে।

বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ

আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলিকে বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমার সুবিধা দেওয়া হয়। প্রবীণ নাগরিকরাও এই পরিষেবার আওতায় রয়েছেন। ই-কেওয়াইসি শেষ করে কার্ড হাতে পেয়ে গেলে তালিকাভুক্ত সরকারি হাসপাতাল এবং অনুমোদিত বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে ক্যাশলেস চিকিৎসার সুবিধা নেওয়া যায়। অর্থাৎ কোনও অর্থ ব্যয় না করেই রোগীর চিকিৎসা করানো যায়।

গ্রাম ও স্থানীয় এলাকায় এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আশা কর্মীরা। সরকারি অ্যাপের মাধ্যমে উপভোক্তার ই-কেওয়াইসি সম্পূর্ণ করা যায়। এই প্রক্রিয়ার প্রথমেই নিবন্ধিত মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে সংশ্লিষ্ট অ্যাপে লগইন করা হয়। এরপর রেশন কার্ড বা অন্য সরকার প্রদত্ত যেকোনও পরিচয়পত্রের তথ্য মিলিয়ে দেখা হয়। শেষে বায়োমেট্রিক বা মোবাইলে আসা ওটিপি এবং ক্যাপচা দিয়ে যাচাই পর্ব শেষ করা হয়। একইভাবে কার্ডের বর্তমান স্ট্যাটাসও জানা সম্ভব।

আরও পড়ুন: দিল্লিতে বিক্ষোভকারী পড়ুয়াদের নোটিশ পাঠানোর জের, পুলিশকে ‘কড়া ধমক’ সুপ্রিম কোর্টের

ই-কেওয়াইসি বাকি থাকলে সেটা সম্পন্ন করার জন্য শুধু আশা কর্মীদের উপর নির্ভর করে থাকতে হবে না। উপভোক্তারা কাছের তথ্যমিত্র কেন্দ্র বা অনুমোদিত সাইবার ক্যাফেতেও গিয়ে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন। যাচাই শেষ হওয়ার পর সেখান থেকেই আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড বা প্রিন্ট করে নেওয়া যাবে।