দিল্লিতে বিক্ষোভকারী পড়ুয়াদের নোটিশ পাঠানোর জের, পুলিশকে ‘কড়া ধমক’ সুপ্রিম কোর্টের

Published:

Supreme Court Cockroach Janta Party

আনিষা চৌধুরী, কলকাতা: কোনও প্রতিষ্ঠিত রাজনৈতিক দল না হয়েও, বর্তমানে ভারতবর্ষের বুকে অত্যন্ত জনপ্রিয় একটি দল হিসেবে নিজের জায়গা তৈরি করে নিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। এই সিজেপির একটি বিক্ষোভ কর্মসূচিতে এক ছাত্রের অংশগ্রহণ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি নিজের সহপাঠীদেরও সেখানে যাওয়ার কথা বলেছিলেন এক আইন পড়ুয়া। সেই ঘটনাকে কেন্দ্র করেই গৌতমবুদ্ধ বিশ্ববিদ্যালয়ের ২০ বছর বয়সি ছাত্র অক্ষত ত্রিপাঠীকে নোটিস দিয়েছিলেন গ্রেটার নয়ডার এক এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযোগ ছিল, তিনি ‘সরকারবিরোধী প্রচার’ করেছেন এবং সহপাঠীদের বিক্ষোভে যোগ দেওয়ার জন্য প্ররোচিত করেছেন। বিষয়টি বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) উঠতেই ম্যাজিস্ট্রেটের এমন পদক্ষেপের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।

সুপ্রিম কোর্টের নির্দেশের কথা মনে করালেন প্রধান বিচারপতি

আইনজীবী বিশ্বজিৎ ভট্টাচার্য বুধবার প্রধান বিচারপতির এজলাসে সবার সামনে বিষয়টি তুলে ধরেন। জানা যায়, গত ৪ সেপ্টেম্বর অক্ষতকে ওই নোটিস পাঠানো হয়েছিল। বিষয়টি শুনে বেশ অসন্তুষ্ট হন প্রধান বিচারপতি। তিনি প্রশ্ন করেন, একজন ম্যাজিস্ট্রেট কীভাবে এই ধরনের নোটিস জারি করতে পারেন? তাঁর বক্তব্য, পড়ুয়াদের বিরুদ্ধে জোর করে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না, এমন নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। ফলে সেই নির্দেশ কোনও ম্যাজিস্ট্রেট বা প্রশাসনিক আধিকারিকের অমান্য করার উপায় নেই।

নোটিস জারির পরের দিনই সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। তবে বিষয়টি সেখানেই শেষ হয়নি। ওই পদক্ষেপের কারণ জানতে সংশ্লিষ্ট এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলাশাসকের কাছে সম্পূর্ণ ব্যাখ্যা চেয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এই প্রসঙ্গে ১ সেপ্টেম্বরের আদালতের নির্দেশের কথাও স্মরণ করিয়ে দেন। সেই সময় বলা হয়েছিল, ২০ থেকে ২৫ জুলাইয়ের প্রতিবাদকে কেন্দ্র করে অন্য কোনও রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হয়ে থাকলে তা বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন: মিলবে ২৫ কোটি টাকা পর্যন্ত সহজ ঋণ, মহিলাদের দারুণ উপহার SBI-র

প্রধান বিচারপতি স্পষ্ট জানান, ওই প্রতিবাদ সংক্রান্ত ঘটনায় নতুন করে এফআইআর দায়ের না করার নির্দেশও আগের শুনানিতে দেওয়া হয়েছিল। শুধু বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়টিকে কোনও ভাবেই আইনের ধারায় অপরাধ হিসেবে চিহ্নিত করা যাবে না। সেই নির্দেশের পরেও কীভাবে একজন এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট বা জেলাশাসক পড়ুয়ার বিরুদ্ধে এমন নোটিস জারি করলেন, তা নিয়েই বিস্ময় প্রকাশ করেছে শীর্ষ আদালত।