আনিষা চৌধুরী, কলকাতা: গুয়াহাটিতে স্বেচ্ছাসেবকদের বৈঠকের আগে CJP-র কো-কনভেনার (Co-convener) আশুতোষ রঙ্কাকে (Ashutosh Ranka) আটক করল অসম পুলিশ। রবিবার সকালে পূর্ব-নির্ধারিত ওই বৈঠকের উদ্দেশ্যে যাওয়ার সময় রঙ্কা-সহ CJP-র একাধিক নেতা ও স্বেচ্ছাসেবককে আটক করা হয়েছে বলে সংগঠনের তরফে দাবি করা হয়েছে। তাঁদের সেখান থেকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে জানা যাচ্ছে। সেই ইস্যুতে মুখ্যমন্ত্রী হিমন্তকে কড়া হুঁশিয়ারি দিলেন অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)।
বৈঠকে যোগ দিতে আসা স্বেচ্ছাসেবকদের আটক
CJP-র তরফে জানানো হয়েছে, গুয়াহাটিতে সংগঠনের প্রথম আঞ্চলিক স্বেচ্ছাসেবক বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আশুতোষ রঙ্কা একদিন আগেই গুয়াহাটিতে পৌঁছেছিলেন। রবিবার বৈঠক শুরুর আগেই তৎপর হয়ে ওঠে পুলিশ। রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। পাশাপাশি, বৈঠকে যোগ দিতে আসা স্বেচ্ছাসেবকদের আটক করার অভিযোগও তুলেছে CJP।
রিপোর্ট অনুযায়ী, আশুতোষ রঙ্কা-সহ CJP-র আরও কয়েকজন নেতা ও কর্মীকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজন অসমের বাসিন্দা নন। তাঁরা বাইরের রাজ্য থেকে এসেছিলেন। রঙ্কাকে পুলিশকর্মীদের সঙ্গে একটি চলন্ত গাড়িতে দেখা যায় এমন একটি ভিডিয়োও তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে, CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke) দাবি করেছেন, রঙ্কাকে একটি ব্যক্তিগত বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে কেন আটক করা হয়েছে, কোন অভিযোগে আটক করা হয়েছে, কোন আইনের ভিত্তিতে এই কাজ করা হয়েছে তা তাঁদের জানানো হয়নি বলেও দাবি করেছেন তিনি। একইসঙ্গে রঙ্কাকে মুক্তি না দিলে অসমে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দীপকে।
এক্সে অভিজিৎ দীপকে লেখেন, “আশুকে অসম পুলিশ একটি ব্যক্তিগত বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত তাঁকে কোন অভিযোগে বা কী কারণে আটক করা হয়েছে, তা জানানো হয়নি। আশুকে মুক্তি না দিলে আমি অন্য CJP সদস্যদের সঙ্গে অসমে যাব। হিমন্ত চাইলে আমাদের সবাইকে গ্রেফতার করতে পারেন।”
Ashu was picked up by Assam Police from a private residence. They have still not been told under what charges or on what grounds he has been detained.
If Ashu is not released, I will go to Assam along with other CJP members. Himanta can arrest us all.
— Abhijeet Dipke (@abhijeet_dipke) September 27, 2026
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, হঠাৎ কী হল AJUP নেতার?
এদিকে, আটক হওয়ার আগে আশুতোষ রঙ্কাও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সরব হন। তাঁর অভিযোগ, অসমের স্কুলগুলির বাস্তব পরিস্থিতি, কাজিরাঙায় মানুষের অধিকার এবং রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে CJP-র প্রচার সামনে আসুক, সেটা সরকার চাননি। রঙ্কা একটি পোস্টে লেখেন, “যখনই হিমন্ত ভয় পায়, তখনই পুলিশকে সামনে এগিয়ে দেয়।” তবে আশুতোষ রঙ্কাকে আটক করার ক্ষেত্রে অসম পুলিশের তরফে এখনও নির্দিষ্ট কোনও অভিযোগ, মামলা বা আইনি ধারা কিছুই প্রকাশ্যে আসেনি।










