সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে প্রথম সারিতেই দেখা যায় অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি নেহা বোরাকে (Neha Bora)। তবে তিনি সম্প্রতি নিজেকে নারী হিসেবে দেখেন না বলেই দাবি করেন। নিজেকে তিনি নন বাইনারি হিসেবেই প্রকাশ করেছেন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে। নিজের লিঙ্গ পরিচয় নিয়ে একেবারে খোলামেলা কথা বলার জন্য নেহা এখন আলোচনার শিরোনামে। তবে এই নন বাইনারি কথার অর্থ কী? নেহা কি আসলে একজন ট্রান্সজেন্ডার?
নেহা বোরার লিঙ্গ নিয়ে আসল তথ্য
আসলে নেহা বলেছিলেন যে তিনি নিজেকে নারী কিংবা পুরুষ হিসেবে পরিচয় দিতে নারাজ। তাঁর কথায়, “আমি নিজেকে নারী হিসেবে পরিচয় দিই না। আমি নিজেকে একজন নন বাইনারি ব্যক্তি হিসেবেই পরিচয় দিই।” এই মন্তব্য সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর চর্চা। এমনকি জল্পনা ছড়িয়ে পড়ে, নেহা বোরা হয়তো আসলে একজন ট্রান্সজেন্ডার। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, নন বাইনারি ব্যক্তিরা আসলে তারা, যারা বিশ্বাস করেন যে তাদের লিঙ্গ-পরিচয় পুরুষ বা নারী লিঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়। তারা সাধারণত ‘সে’-র পরিবর্তে নিজেদের ‘তারা’ বা অন্য কোনও সর্বনাম দিয়ে উল্লেখ করতে পছন্দ করেন।
অন্যদিকে জৈবিক লিঙ্গ হল জন্মের সময় একজন ব্যক্তির নির্ধারিত শারীরিক বৈশিষ্ট্য। আর লিঙ্গ পরিচয় একজন ব্যক্তির নিজের পরিচয় সম্পর্কে অনুভূতি। সেক্ষেত্রে লিঙ্গ পরিচয় যৌন অভিমুখিতা থেকে সম্পূর্ণ ভিন্ন। নন বাইনারি ব্যক্তিদের সমকামী, বিষমকামী বা উভকামী যৌন অভিমুখিতা থাকতে পারে। পাশাপাশি নন বাইনারি ব্যক্তিরা প্রচলিত গতানুগতিক ধারণা থেকে ভিন্নভাবে চিন্তা করেন। আর তারা এমন পোশাক পরতে পছন্দ করেন যা লিঙ্গ নিরপেক্ষ নয়।
আরও পড়ুন: ঋতব্রতকে ছেড়ে মমতার কাছেই ফিরলেন একের পর এক বিধায়ক! বড় খবর
এছাড়া নন বাইনারি ব্যক্তিরা সমাজের আইন এবং সরকারি নথিতে সকল মানুষের অন্তর্ভুক্তিকে সমর্থন জানান। নন বাইনারি ধারণার মূল ভিত্তি হল প্রত্যেক ব্যক্তির আত্মনিয়ন্ত্রণ এবং নিজের মূল্যবোধকে সম্মান করা। তবে ট্রান্সজেন্ডার বিষয়টি সম্পূর্ণ আলাদা। ট্রান্সজেন্ডার বলতে বোঝায় সেই সমস্ত ব্যক্তিদের, যাদের লিঙ্গ পরিচয় জন্মের সময় ডাক্তারদের দ্বারা নির্ধারিত লিঙ্গের সঙ্গে মেলে না। ট্রান্স নারী হলেন তারাই, যাদের জন্মের সময় পুরুষ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে তারা নিজেদের নারী হিসেবে পরিচয় দেন। আর ট্রান্স পুরুষ হলেন তারা, যাদের জন্মের সময় নারী হিসেবে চিহ্নিত করা হলেও তারা নিজেদের পুরুষ বলে দাবি করেন।










