ডিমের দাম বেড়ে ৮ টাকা! তেল ২১০, মিড ডে মিল দিতে গিয়ে বিপাকে স্কুল

Published:

সহেলি মিত্র, কলকাতা: শীতের শুরুতেই বাজারে ডিমের দাম (Egg Price Hike) ঊর্ধ্বমুখী। একই সঙ্গে বাড়ছে সর্ষের তেল-সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন খুচরো বাজারে একটি ডিমের দাম বেড়ে পৌঁছেছে ৮ টাকায়। অন্যদিকে, সর্ষের তেলের দামও লিটারপ্রতি ২১০ টাকা হয়েছে। গত সাত দিনে এই মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের পাশাপাশি সমস্যায় পড়েছেন স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির কর্তৃপক্ষ। মিড ডে মিলে (Mid Day Meal) ডিম দেওয়াই যেন দুঃসহ ব্যাপার হয়ে উঠেছে।

ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় মিড ডে মিল দিতে হিমশিম

সূত্রের খবর, প্রতি বছরের মতো এ বারও শীতের মরসুম শুরু হতেই আলিপুরদুয়ার শহর-সহ জেলার বিভিন্ন বাজারে ডিমের দাম বাড়তে শুরু করেছে। ডিমের পাশাপাশি গত এক সপ্তাহে ভোজ্য তেলের দামও বেড়েছে। রবিবার আলিপুরদুয়ার শহর, কামাখ্যাগুড়ি-সহ একাধিক এলাকার বাজারে প্রতি লিটার সর্ষের তেল বিক্রি হয়েছে ২১০ টাকায়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের এই লাগাতার মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।

সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে। ডিম ও তেলের দাম বেড়ে যাওয়ায় নির্ধারিত বাজেটের মধ্যে মিড ডে মিলের খাবার তৈরি করতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। বিশেষ করে পড়ুয়াদের খাবারের তালিকায় ডিম রাখার ক্ষেত্রে খরচের চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে বাজারদর নিয়ন্ত্রণে প্রশাসনের আরও সক্রিয় নজরদারির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: আর মিলবে না SC সার্টিফিকেট! ঝাড়গ্রাম থেকে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

বড় দাবি প্রশাসনের

যদিও প্রশাসনের এক আধিকারিকের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারগুলিতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। আগামী দিনেও এই নজরদারি অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। ডিম সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি কমবে? সেদিকে নজর থাকবে আমজনতার।

google button