‘পুলিশ বাতাসা খাওয়াবে নাকি?’ পঞ্চম এনকাউন্টার নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

Published:

cm birbhum (1)

আনিষা চৌধুরী, কলকাতা: অন্যায়ের সঙ্গে কোনওরকম আপস করবে না বিজেপি সরকার, ক্ষমতায় আসার পর থেকেই নিজের এই কঠোর অবস্থানের একাধিক প্রমাণ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অপরাধ দমনে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথাও বারবার বলেছেন তিনি। তারই মধ্যে বীরভূমের শান্তিনিকেতনে পুলিশকর্মীকে গুলি করে পালিয়ে যাওয়া অভিযুক্ত রতন শেখকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করে পালান সেই ব্যক্তি। এইবার পুলিশের এনকাউন্টারে নিকেশ রতন।

ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েকবাজার এলাকায় রতন শেখের খোঁজে পৌঁছেছিলেন তিন পুলিশকর্মী। তাঁরা সাদা পোশাকে বাইকে করে সেখানে গিয়েছিলেন। পুলিশের উপস্থিতি বুঝতে পেরেই আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায় অভিযুক্ত। গুলিটি লাগে কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রতন। ঘটনার পর বোলপুর, কীর্ণাহার, নানুর ও শান্তিনিকেতন থানার পুলিশ যৌথভাবে তল্লাশি শুরু করে। অবশেষে ১৫ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়।

এই ঘটনার পর আহত পুলিশকর্মীকে দেখতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “পুলিসকর্মীর রক্ত বৃথা যাবে না।” পাশাপাশি অভিযুক্তকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার কথাও জানান তিনি।

রতন শেখের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। একাধিক আইন বিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে সে। এইবার নতুন সরকারের পঞ্চম এনকাউন্টারে মৃত্যু হল রতন শেখের। এই ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘পুলিশকে গুলি করার চেষ্টা করেছিল। পুলিশকে গুলি করতে এলে পুলিশ কি বাতাসা খাওয়াবে?’

আরও পড়ুন: প্রয়াত কর্মীর বাড়িতে রত্না দেবনাথ, ‘বিজেপি না জিতলে ভালো হত’, মন্তব্য পানিহাটির বিধায়কের

উল্লেখ্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে এর আগে চারটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। প্রথমটি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে, যেখানে প্রভাস মণ্ডলের মৃত্যু হয় পুলিশের গুলিতে। এরপর উত্তর ২৪ পরগনার গাইঘাটায় প্রহ্লাদ দাস এবং একই দিনে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সামাউল শেখের মৃত্যু হয়। সর্বশেষ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে দিলীপ রায়ের মৃত্যু হয় পুলিশের গুলিতে। এইবার পুলিশের এনকাউন্টারে মারা গেল রতন শেখ।

google button