সুপ্রিম কোর্টে একসাথে দায়িত্ব নিচ্ছেন ৫ নতুন বিচারপতি

Published:

Supreme Court

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের বিচার ব্যবস্থার ক্ষেত্রে বড় পদক্ষেপ। সুপ্রিম কোর্টের (Supreme Court) একসঙ্গে নিযুক্ত হলেন পাঁচজন নতুন বিচারপতি। সোমবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের আওতায় বিচার বিভাগ বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবেই জানিয়েছেন। এই পাঁচ নতুন বিচারপতি শপথ গ্রহণের পর সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জন। যদিও সর্বচ্চ আদালতের সংশোধিত এবং অনুমোদিত মোট আসন সংখ্যা বর্তমানে ৩৮। তাই একটি আসন শূন্যই রইল।

কারা এই পাঁচজন নতুন বিচারপতি?

আইন মন্ত্রকের দেওয়া নোটিফিকেশন অনুযায়ী, সুপ্রিম কোর্টের আইনজীবী ফোরাম এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ হাইকোর্টের প্রধান বিচারপতিদের সুপ্রিম কোর্টে নিযুক্ত করা হয়েছে। তালিকায় রয়েছেন—

  • ভেঙ্কট সুব্রামণি মোহনা, যিনি সুপ্রিম কোর্টের অত্যন্ত প্রবীণ এবং বিশিষ্ট আইনজীবী।
  • বিচারপতি শ্রী চন্দ্রশেখর, যিনি বোম্বে হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি।
  • বিচারপতি শীল নাগু, যিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি।
  • বিচারপতি সঞ্জীব সচদেবা, যিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি এবং
  • বিচারপতি অরুণ পাল্লি, যিনি জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি।

এনারা সকলেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দ্রুত শপথ গ্রহণ করে নিজেদের কার্যভার বুঝে নেবেন বলেই খবর।

আরও পড়ুন: লেকটাউনে ক্রেন দিয়ে নামানো হচ্ছে সুবিশাল মেসি মূর্তি

উল্লেখ্য, মামলার ক্রমবর্ধমান জট দ্রুত নিষ্পত্তি করতে আর বিচারব্যবস্থার গতি বাড়াতেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। গত মাসে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। আর সেই অর্ডিন্যান্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত সহ সর্বমোট অনুমোদিত বিচারপতির সংখ্যা ৩৪ থেকে বাড়িয়ে ৩৮ করা হয়েছিল। কিন্তু আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর শূন্যপদের সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়ায় ৬ টিতে। তবে সোমবার এই ৫ জনের নিয়োগের পর এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র ১ টিতে।