আনিষা চৌধুরী, কলকাতা: বাঙালি তথা হিন্দু (Hindu) ধর্মাবলম্বীদের জীবনে পুজো-পার্বণের (Hindu Worship) গুরুত্ব অপরিসীম। বছরের বিভিন্ন সময়ে দেবদেবীর আরাধনায় মেতে ওঠেন হিন্দু ভক্তরা। আর এই পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হল ফুল। ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে দেবতার চরণে ফুল অর্পণ করেন সকলে। তবে হিন্দু ধর্মের প্রচলিত শাস্ত্রীয় বিধান অনুযায়ী, প্রত্যেক দেবতার পুজোয় সব ফুল বা পাতা ব্যবহার করা যায় না। নিজের অজান্তে আপনিও কি নির্দিষ্ট কোনও দেবতার আরাধনায় এমন কোনও ফুল বা পাতা অর্পণ করছেন, যা সেই পুজোয় বর্জনীয় বলে মনে করা হয়?
জেনে নিন কোন ফুল বা পাতা কোন দেবতার পুজোয় অর্পণ করা উচিত নয়-
১. কেতকী ফুল: শিবপুজোয় বর্জনীয়
হিন্দু ধর্মীয় কাহিনি ও শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, শিবের পুজোয় কেতকী ফুল অর্পণ করা উচিত নয়। শিবপুরাণের একটি কাহিনিতে ব্রহ্মার মিথ্যা সাক্ষ্য দেওয়ার ঘটনায় কেতকী ফুলের প্রসঙ্গ উঠে আসে। সেই কারণেই মহাদেবের আরাধনায় এই ফুল বর্জনীয় বলে প্রচলিত রয়েছে।
২. ধুতুরা ফুল: বিষ্ণুপুজোয় বর্জনীয়
ধুতুরা ফুল শিবের পুজোয় বহুল ব্যবহৃত হলেও কিছু শাস্ত্রীয় বিধানে বিষ্ণুর আরাধনায় তা অর্পণ না করার উল্লেখ রয়েছে। নারদ পুরাণের ৬৭তম অধ্যায়ে বিষ্ণুপুজোয় বর্জনীয় উপকরণের তালিকায় ধুতুরা ফুলের উল্লেখ রয়েছে।
৩. আকন্দ ফুল: শক্তির আরাধনায় বর্জনীয়
আকন্দ ফুল শিবের পুজোয় ব্যবহার করা হলেও নারদ পুরাণে শক্তি বা দেবীর আরাধনায় এই ফুল বর্জন করার উল্লেখ রয়েছে। তাই দেবীর পূজোয় কখনোই আকন্দ ফুল ব্যবহার করবেন না।
৪. টগর ফুল: সূর্যদেবের পুজোয় বর্জনীয়
নারদ পুরাণের ৬৭তম অধ্যায়ে সূর্যদেবের আরাধনায় টগর ফুল অর্পণ না করার বিধান দেওয়া রয়েছে। তাই সূর্যপুজোর ক্ষেত্রে ফুল নির্বাচনের সময় এই বিষয়টি মাথায় রাখবেন।
৫. তুলসীপাতা: গণেশপুজোয় বর্জনীয়
তুলসী হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র উদ্ভিদ হিসেবে পরিচিত। বিশেষত বিষ্ণুপুজোয় তুলসীপাতার গুরুত্ব অপরিসীম। তবে গণেশের পুজোয় তুলসীপাতা অর্পণ না করার ধর্মীয় বিধান রয়েছে। এর পিছনে গণেশ ও তুলসীর সঙ্গে জড়িত একটি পৌরাণিক কাহিনিও প্রচলিত রয়েছে।
আরও পড়ুন: চার দশকের সংগ্রাম, দেশি মাছ চাষের মাধ্যমে নীল বিপ্লব জাতীয় পুরস্কারজয়ী কৃষকের
হিন্দু ধর্মে পুজোর প্রতিটি উপকরণের আলাদা গুরুত্ব রয়েছে। বিভিন্ন পুরাণ ও ধর্মীয় গ্রন্থে দেবদেবীর আরাধনায় কোন ফুল, কোন পাতা বা উপকরণ ব্যবহার করা উচিত, তার উল্লেখ পাওয়া যায়। তবে অঞ্চল, সম্প্রদায় ও পুজোর রীতিভেদে কিছু নিয়মের পার্থক্য থাকতে পারে। তাই কোনও ফুল অর্পণ করলেই পাপ বা অমঙ্গল হবে, এমন ভাববেন না।










