সমুদ্রে শক্তি বাড়ছে ভারতের, ৮টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ পাচ্ছে নৌসেনা! ৫৩,৮৬৬ কোটির চুক্তি

Published:

Indian Navy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় নৌসেনা (Indian Navy)। সেই মর্মে, বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। দেশের সমুদ্রসীমার নিরাপত্তা জোরদার করতে ভারতীয় নৌবাহিনীর জন্য 8টি অত্যাধুনিক নেক্সট জেনারেশন করভেট যুদ্ধজাহাজ তৈরি করতে চলেছে নয়া দিল্লি। আর এই প্রকল্পের জন্য মোট 53,866.50 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। এই চুক্তি হয়েছে দুটি যুদ্ধজাহাজ নির্মাণকারী সংস্থার সাথে। আজ অর্থাৎ সোমবার, নয়া দিল্লির কর্তব্য ভবনে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমারের উপস্থিতিতেই স্বাক্ষরিত হয় এই চুক্তি।

কোন কোন সংস্থার সাথে চুক্তি হল প্রতিরক্ষা মন্ত্রকের?

প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং গোয়া শিপইয়ার্ড লিমিটেড নামক দুই জাহাজ প্রস্তুতকারক সংস্থার সাথে চুক্তি হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। আর এই বিশেষ চুক্তির অধীনে কলকাতা ভিত্তিক সংস্থাটি 5টি এবং গোয়ার সংস্থাটি 3টি যুদ্ধজাহাজ তৈরি করবে ভারতীয় নৌবাহিনীর জন্য। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই প্রথমবারের মতো জাহাজগুলির নকশা তৈরি করবে ভারতীয় নৌসেনা নিজেই।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন যে যুদ্ধ জাহাজগুলি ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি করা হবে সেগুলিতে থাকবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বিশেষ অস্ত্র ব্যবস্থা এবং উন্নত সেন্সর প্রযুক্তি। ফলে আকাশপথ, সমুদ্রের উপরিভাগ এবং সমুদ্রের গভীরেও বিভিন্ন হুমকি মোকাবিলায় সক্ষম হবে এই জাহাজগুলি। এছাড়াও শত্রুর সাবমেরিন এবং যুদ্ধজাহাজের বিরুদ্ধে অভিযান, উপকূলীয় নিরাপত্তা এবং সামুদ্রিক বাণিজ্যপথ এমনকি সমুদ্রে নজরদারির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এইসব জাহাজ। বলে রাখি,নিজের এক্স হ্যান্ডেল থেকে যুদ্ধজাহাজের এই বিশেষ চুক্তির কথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও।

 

 

আরও পড়ুন: রাম মন্দির থেকে চুরি হওয়া টাকা কোথায় গেছিল? সুপ্রিম কোর্টকে জানাল যোগী সরকার

হবে কর্মসংস্থান

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আশা, শুধুমাত্র এই যুদ্ধজাহাজ প্রকল্পের মাধ্যমে নৌবাহিনীর শক্তি বৃদ্ধি হবে তাই নয়, সেই সাথে এই এক জাহাজ নির্মাণ শিল্পের মধ্যে দিয়ে বড়সড় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সরকারি হিসাব অনুযায়ী, আগামী 10 বছরে এই প্রকল্পের হাত ধরে জাহাজ নির্মাণ সংস্থাগুলিতে 72 লাখ পার্সন-ডে এবং সহযোগী শিল্প, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পক্ষেত্রে প্রায় 4 লাখ 60 হাজার কর্ম দিবস তৈরি হবে। এর ফলে এই এক প্রকল্পেই কাজ পাবেন দেশের বহু যোগ্য ছেলে-মেয়ে।

google button