বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত দিন গুলিতে ভাড়া বৃদ্ধি না করেও নানান উৎস থেকে আয় বাড়িয়েছে রেল (Indian Railways)। 2025-2026 বছরেও নতুন করে বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিসপত্র (Scrap) বলা চলে ভাঙাচোরা বিক্রি করেই বিপুল অর্থ ঘরে তুলেছে ভারতীয় রেলওয়ে। রেল সূত্রে খবর, গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেলের সম্পদের মধ্যে রয়েছে বিভিন্ন ইয়ার্ড, ডিপো সহ একাধিক কর্মশালা। কমবেশি প্রত্যেক বছর এই জায়গাগুলিতে নানান জিনিস জমা হয়ে থাকে। কিছু জিনিস রেলের কাজে লাগে কিছু আবার অপ্রয়োজনীয় বস্তুর তালিকায় জায়গা পায়। আর সেই সব ভাঙাচোরা বিক্রি করেই 6 হাজার কোটি টাকারও বেশি উপার্জন করল রেল।
এক ধাক্কায় রেলের আয় 6 হাজার ছাড়াল
রেলের সম্পত্তি অথচ এই মুহূর্তে আর সেগুলির প্রয়োজন পড়বে না, এমন নানান ভাঙাচোরা জিনিসপত্র বিক্রি করে 2025-26 আর্থিক বছরে 6 হাজার 813 কোটি টাকাও আয় করেছে ভারতীয় রেল। অপ্রয়োজনীয় বিভিন্ন জিনিস বিক্রি করে রেলের আয় যেমন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনই গোটা দেশজুড়ে ভারতীয় রেলের ডিপো, ইয়ার্ড এমনকি ওয়ার্কশপগুলিতেও প্রচুর জায়গা খালি হয়েছে। পরবর্তীতে সেই সব জায়গায় নতুন এবং প্রয়োজনীয় পণ্য রাখতে পারবে রেল। শুধু তাই নয়, অপ্রয়োজনীয়, বর্জ্য পদার্থ খালি করার মধ্যে দিয়ে পরিবেশ দূষণ আটকেছে রেল।
বলা বাহুল্য, রেলের তরফে পাওয়া তথ্য অনুযায়ী বিগত 5 বছরে রেলের রাজস্ব 168 শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় 290 কোটি টাকা থেকে 777 কোটি টাকারও বেশি হয়েছে। রেল জানিয়েছে, বিগত দিন গুলিতে যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন স্টেশনে খোলা হয়েছে 120টি জন ঔষধি কেন্দ্র। এছাড়াও 22টি প্রিমিয়াম ব্র্যান্ডের আউটলেট থেকেও রেলের বিপুল পরিমাণ রাজস্ব এসেছে। ভারতীয় রেল এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিককালে রেল যে অতিরিক্ত রাজস্ব আদায় করেছে তা দিয়ে যাত্রীদের সুবিধার্থে নতুন কোন কোন পদক্ষেপ নেওয়া যায় তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, আয় হওয়া অতিরিক্ত অর্থ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে দেখা স্টেশন গুলির উন্নতি, পরিছন্নতা, যাত্রী সুরক্ষা, আধুনিক যোগাযোগ এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হবে।
অবশ্যই পড়ুন: শুধু রিঙ্কু নন, KKR-কে জিতিয়েছেন এই দুজনও
উল্লেখ্য, ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিসপত্র বা রেলের সম্পত্তি বিক্রি করে বিপুল অর্থ উপার্জনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গত আর্থিক বছরেও একইভাবে অপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে 6 হাজার 641 কোটি টাকা আয় করেছিল ভারতীয় রেলওয়ে। এ বছর সেই পরিমাণটা অনেকটাই বেড়েছে। সব মিলিয়ে বলাই যায়, পরিবেশ রক্ষার পাশাপাশি অপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করে আর্থিক দিক থেকে অনেকটাই মজবুত হয়ে উঠল রেল।










