বিক্রম ব্যানার্জী, কলকাতা: অনলাইনে টিকিট বুকিং বাড়াতে এবং যাত্রীদের রেলওয়ানমুখী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। জানা যাচ্ছে, এবার থেকে অসংরক্ষিত বা লোকাল ট্রেনের টিকিটে মিলবে অতিরিক্ত ছাড় বা ডিসকাউন্ট। এক কথায়, মাত্র 5 টাকার টিকিটেও ছাড় পাবেন আপনি। রেলের তরফে জানানো হয়েছে, স্টেশনে টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের লম্বা লাইন কমাতে এবং প্রত্যেক ট্রেন যাত্রীকে ডিজিটাল পরিষেবায় যুক্ত করতে এই বিশেষ পদক্ষেপ।
অনলাইনে টিকিট কাটলেই মিলবে ডিসকাউন্ট
রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অসংরক্ষিত বা লোকাল ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে ছাড় পেতে অবশ্যই অনলাইনে শুধুমাত্র রেলওয়ান অ্যাপ ব্যবহার করতে হবে। এই অ্যাপ ব্যবহার করে UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এর মাধ্যমে পেমেন্ট করলেই সবমিলিয়ে 3 শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন একজন যাত্রী। সে ক্ষেত্রে ন্যূনতম 5 টাকার লোকাল ট্রেনের টিকিটও কম দাম দিয়ে কিনতে পারবেন যাত্রীরা।
তবে রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই ছাড় সব সময় মিলবে না। আসলে রেল যেহেতু যাত্রীদের ক্যাশলেস ট্রানজাকশন বা লেনদেনে উৎসাহ দিতে এই বিশেষ অফার দিচ্ছে ফলে আগামী 14 জুলাইয়ের পর লোকাল ট্রেন বা প্লাটফর্ম টিকিটের ক্ষেত্রে ছাড় নাও পাওয়া যেতে পারে। তবে যতদিন পর্যন্ত এই ছাড় পাওয়া যাচ্ছে লুফে নিন ।
অবশ্যই পড়ুন: শেয়ার বাজারের পতনেও মাথা তুলল TATA-র এই শেয়ার, দাম বাড়ল ১১%
সবচেয়ে বেশি সুবিধা হবে নিত্যযাত্রীদের
এমন বহু মানুষ রয়েছেন যাঁরা প্রতিদিন লোকাল ট্রেনে করে নিজের কর্মস্থল অর্থাৎ গন্তব্যে পৌঁছন। মূলত তাঁদের জন্য ভারতীয় রেলের এই অফার অত্যন্ত ফলদায়ী হতে চলেছে। আসলে যাঁরা প্রত্যেক সপ্তাহে 4 থেকে 5 দিনে বা তারও বেশি ট্রেনে যাতায়াত করেন তাঁরা রেলের এই ডিসকাউন্ট অফার ব্যবহার করে কিছু টাকা সাশ্রয় করতে পারবেন। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে লোকাল ট্রেনের টিকিট কম দামে মিলবে শুধুমাত্র রেলওয়ান অ্যাপেই।












