বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের মাটিতে গড়ে উঠতে চলেছে প্রথম ডেটা সেন্টার সিটি (India’s First Data Center City)। হ্যাঁ, এই প্রস্তাবিত ডাটা সেন্টার তেলেঙ্গানার হায়দরাবাদ শহর থেকে অন্তত 55 কিলোমিটার দূরে অবস্থিত আলোর নামক একটি গ্রামে তৈরি করা হবে। একাধিক রিপোর্ট অনুযায়ী, কমপক্ষে 1500 একর জমির উপরে গড়ে তোলা হবে এই ডেটা সেন্টার। আর এই ডেটা সেন্টার গড়ে তোলার প্রাথমিক লক্ষ্য হলো, যাতে ভারতীয় সংস্থাগুলি একটি নির্দিষ্ট ক্যাম্পাসের মধ্যেই জল, বিদ্যুৎ, হাই স্পিড ফাইবার নেটওয়ার্ক এবং আধুনিক পরিকাঠামের সুবিধা পায়।
কোথায় গড়ে উঠছে ভারতের প্রথম ডেটা সেন্টার সিটি?
ডেটা সেন্টার সাধারণত আইটি পার্কের মতো নয়। এটি আসলে এমন একটি বিশেষ এলাকা যা মূলত ডাটা সেন্টার কোম্পানিগুলির চাহিদা মেটানোর জন্য তৈরি করা হয়ে থাকে। বলাই বাহুল্য, ভারতে তৈরি হতে যাওয়া ডাটা সেন্টার সিটিতে শুধুমাত্র সার্ভার বিল্ডিংই থাকবে না, সেই সাথে পাওয়ার সাবস্টেশন, হাই স্পিড ফাইবার নেটওয়ার্ক, কুলিং সিস্টেম, ব্যাকআপ পাওয়ার, অত্যাবশ্যকীয় ইউটিলিটি নেটওয়ার্ক এমনকি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
বিশেষজ্ঞরা বলছেন, একটি ডেটা সেন্টার সিটি থেকেই সংস্থাগুলি তাদের যাবতীয় প্রয়োজন মেটাতে পারবেন। ফলে আলাদা করে একাধিক জায়গায় বিদ্যুৎ, জল এবং ইন্টারনেটের ব্যবস্থা করতে হবে না। সাধারণত ডেটা সেন্টার সিটিতে কম্পিউটার রাখার জন্য আলাদা ভবন তৈরি করার পাশাপাশি সেখানে থাকা বিভিন্ন সার্ভারগুলিকে ঠান্ডা রাখার জন্য আলাদা শীতলীকরণ ব্যবস্থা, সাবস্টেশন, ট্রান্সফরমার, জলের ট্যাঙ্ক, ব্যাকআপ সিস্টেম এবং নেটওয়ার্ক প্রয়োজন হবে। এর জন্য বিপুল জায়গার প্রয়োজন হয়। এ কথা মাথায় রেখেই ভারতে তৈরি হতে যাওয়া ডেটা সেন্টার সিটির জন্য 1500 একর জায়গা চিহ্নিত করা হয়েছে।
অবশ্যই পড়ুন: ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে কবে কাদের বিরুদ্ধে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা? জেনে নিন
প্রসঙ্গত, হায়দরাবাদ শহরের কাছে যে জায়গায় দেশের প্রথম ডেটা সেন্টার সিটি গড়ে তোলা হবে সেখানে আগে থেকেই জল, বিদ্যুৎ, ফাইবার নেটওয়ার্ক এবং ব্যাকআপ পাওয়ারের পরিকাঠামো গড়ে তোলা হবে। এছাড়াও ডাটা সেন্টারটি ঠান্ডা রাখার জন্য 530 এমএলডি পরিশোধিত বর্জ্য জল ব্যবহার করা হবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড কম্পাউন্টিংয়ের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি হচ্ছে এই ডেটা সেন্টার। বলে রাখা প্রয়োজন, ডেটা সেন্টারটি যেহেতু 24 ঘন্টা চালু থাকবে ফলে সব সময় ইন্টারনেট পরিষেবা সরবরাহ সহ অন্যান্য পরিষেবাগুলি নিশ্চিত করতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও শীতলীকরণ ব্যবস্থায় যাতে কোনও রকম কমতি না থাকে সেদিকেই নজর দেওয়া হচ্ছে।










