একসময় বলা হত ‘Naughty Boy’, সেই GSLV রকেট সফলভাবে উৎক্ষেপণ ইসরোর, কী কাজ?

Published:

ISRO Rocket Launch

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের ঐতিহাসিক সাফল্য অর্জন করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শুক্রবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হল নেভিগেশন স্যাটেলাইট এনভিএস-০৩ (ISRO Rocket Launch)। ভারতের নিজস্ব জিপিএস সিস্টেম বা NavIC-কে আরও শক্তিশালী ও স্বনির্ভর করে তুলতে এই মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশাবাদী বিশেষজ্ঞরা।

নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ ইসরোর

শুক্রবার রাত ১১ বেজে ৫১ মিনিট নাগাদ এই স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয় বলে খবর। এই মিশনের জন্য ব্যবহার করা হয়েছে ইসরোর জিএসএলভি-এফ১৮ লঞ্চ ভেইকেল। তবে বলে রাখি, এনভিএস-০৩ হল ভারতের দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইটের তৃতীয় এবং সামগ্রিকভাবে দ্বাদশ আইআরএনএসএস স্যাটেলাইট। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফল এই উৎক্ষেপণের জন্য সমস্ত বিজ্ঞানী এবং প্রকৌশলীকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পর থেকেই ভারত নিজস্ব শক্তিশালী নেভিগেশন সিস্টেম গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করে। সেই লক্ষ্যেই আত্মপ্রকাশ করে NavIC। কিন্তু অতীতে পরমাণু ঘড়ির কারিগরি ত্রুটি আর কিছু স্যাটেলাইটের কার্যকারিতা হ্রাসের কারণে এই কর্মসূচি বাধার মুখে পড়েছিল। কিন্তু নতুন এই এনভিএস-০৩ স্যাটেলাইটে আমদানিকৃত ঘড়ির পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি পরমাণু ঘড়ি ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি এই স্যাটেলাইটে জনপ্রিয় এল১ সিগন্যাল যুক্ত হওয়ায় স্মার্টফোন, পরিবহন, বিমান চলাচল বা সমুদ্র পরিবহনের মতো ক্ষেত্রে এর ব্যবহার আরও সহজ ও নিখুঁত হবে।

তবে ইসরোর জিএসএলভি রকেটের অতীত ইতিহাস সবসময় যে মসৃণ ছিল এমনটা নয়। অতীতের ক্রায়োজেনিক ইঞ্জিনের জটিলতা এবং একাধিক ব্যর্থতার কারণে বিজ্ঞানীরা রসিকতা করে এই রকেটকে ‘Naughty Boy’ বা অবাধ্য বালক বলেও ডাকতেন। তবে ধারাবাহিক উন্নতি এবং সফল মিশন উপহার দেওয়ার পর আজ সেই রকেটকেই বিজ্ঞানীরা ভালোবেসে ‘Smart Boy’ বলে অভিহিত করছেন। সম্প্রতি এই রকেটেই সফলভাবে ভারত-মার্কিন যৌথ প্রজেক্টের এনআইএসএআর আর্থ অবজারভেশন স্যাটেলাইট সফলভাবে মহাকাশে স্থাপন করা হয়েছিল।

আরও পড়ুন: ১ এপ্রিল ২০২৭ থেকেই বাজারে ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট? বড় প্ল্যান RBI-র

প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই রকেট উৎক্ষেপণ সম্পর্কে লিখেছেন, “এনভিএস-০৩ বহনকারী জিএসএলভি-এফ১৮ এর সফল উৎক্ষেপণের জন্য ইসরোতে কর্মরত আমাদের বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অনেক অনেক অভিনন্দন। এটি একটি দারুণ অর্জন।”

google button
TRENDING সবচেয়ে বেশি পড়া ← বাদিকে স্ক্রল করুন