আবার পুরনো পদ্ধতিতে হবে উচ্চমাধ্যমিক? সেমিস্টার প্রথা বাতিল করা নিয়ে শুরু আলোচনা

Published:

Higher Secondary Exam

অনন্যা সরকার, কলকাতা: উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষায় এবার কি সেমেস্টার পদ্ধতি বাতিল হতে চলেছে? এখন এটিই বড় প্রশ্ন। বর্তমানে রাজ্য সরকার পরীক্ষার কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে, গত দুই বছর ধরে চালু থাকা সেমেস্টার পদ্ধতিটি তুলে দিয়ে আবার আগের পরীক্ষা ব্যবস্থায় ফিরে যাওয়া নিয়ে আলোচনা চলছে। যদি সবকিছু পরিকল্পনামাফিক হয়, তাহলে আগামী শিক্ষাবর্ষ থেকেই এই পরিবর্তন কার্যকর হতে পারে। তবে এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারীর সরকার এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি।

পূর্ববর্তী সরকারের সংস্কারের পদ্ধতি নিয়ে চলছে পর্যালোচনা 

তৃণমূল সরকারের আমলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রক্রিয়ায় সংস্কারের অংশ হিসেবে সেমেস্টার পদ্ধতি চালু করা হয়। এই ব্যবস্থায় একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে শিক্ষার্থীদের মোট চারটি সেমেস্টার পরীক্ষা দিতে হয়। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জেতার পর, নবগঠিত বিজেপি সরকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার কাঠামোসহ দীর্ঘদিনের বেশ কিছু নীতিকে পর্যালোচনার আওতায় এনেছে। বর্তমান স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর এই বিষয়টি নিয়ে তৎপরতা বেড়েছে। বিকাশ ভবনে শিক্ষা দপ্তর ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মধ্যে এ নিয়ে বৈঠকও হয়েছে।

প্রশাসনিক সূত্র মারফত জানা গেছে যে, শিক্ষা দপ্তর প্রায় নিশ্চিতভাবেই সেমেস্টার পদ্ধতি বাতিল করে আগের পরীক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সময়সীমা বা রূপায়ণের নির্দেশিকা এখনও প্রকাশ করা হয়নি। পুরানো ব্যবস্থায় ফিরে গেলে একাদশ ও দ্বাদশ শ্রেণি জুড়ে থাকা বর্তমান চার-সেমেস্টার কাঠামোটি আর থাকবে না। এর বদলে প্রথাগত পদ্ধতি, অর্থাৎ প্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণিতে চূড়ান্ত বোর্ড পরীক্ষা – আবার চালু হতে পারে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই ব্যবস্থা ফিরিয়ে আনা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন: ট্রেনের চাকায় কাটা পড়ে মৃত্যু! বাঁকুড়ায় রেললাইনে মিলল পুলিশ ইন্সপেক্টরের দেহ, খুন না আত্মহত্যা?

শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন যে, অনেক শিক্ষক তাঁদের জানিয়েছেন যে, সেমেস্টার পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সেভাবে কোনো উপকার হচ্ছে না। তিনিও একজন শিক্ষক হিসেবে একই অভিমত পোষণ করেন বলে জানান। দীপক বর্মণের এই মন্তব্যে বর্তমান ব্যবস্থার প্রতি অসন্তোষের ইঙ্গিত মিললেও, কোনো পরিবর্তন আদৌ হবে কি না, কিংবা হলে তা কবে ও কীভাবে কার্যকর হবে – সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।  ফলে, যদিও পুরোনো ব্যবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে, তবুও সেমেস্টার কাঠামো বিলুপ্ত করার প্রস্তাবটি এখনও আলোচনার পর্যায়েই রয়েছে। সরকারিভাবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এবিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

google button
TRENDING সবচেয়ে বেশি পড়া ← বাদিকে স্ক্রল করুন