নেই কোনো ফুড লাইসেন্স! শিয়ালদায় রাজুদার পরোটার দোকানে হঠাৎ হানা খাদ্য সুরক্ষা দফতরের

Published:

Food Safety Raid

প্রীতি পোদ্দার, কলকাতা: ভাইরাল হতেই বাড়ল বিপদ, এবার শিয়ালদহে রাজুদার পকেট পরোটার দোকানে হানা দিল খাদ্য সুরক্ষা দফতর (Food Safety Raid)। ‘তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি’- এই ডাকেই একসময় নেটপাড়ায় ঝড় তুলেছিলেন শিয়ালদহের জনপ্রিয় স্ট্রিট ফুড বিক্রেতা রাজুদা (Sealdah Raju Da)। কিন্তু সাতসকালে এক এই ভাইরাল স্ট্রিট ফুড দোকানকে ঘিরে শুরু হল নয়া চর্চা। এদিকে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের এই আকস্মিক পরিদর্শন ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। তবে কি এবার বাতিলের তালিকায় নাম উঠতে চলেছে রাজুদার পকেট পরোটার দোকান?

রাজুদার দোকানে খাদ্য সুরক্ষা দফতর

সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় রাজুদার পকেট পরোটার দোকানকে ঘিরে ভিড় জমাচ্ছে একাধিক ফুড ব্লগার। যদিও শুধু ব্লগাররা নন, তাঁর পকেট পরোটা খেতে ভিড় জমান অসংখ্য মানুষ। বেশ ভাইরাল হয়েছিলেন তিনি। কিন্তু আচমকাই আজ, শনিবার সাতসকালে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের একাংশ হানা দিল রাজুদার দোকানে। যা নিয়ে শুরু হল ব্যাপক চর্চা। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে খাবার রাখার জায়গা খতিয়ে দেখছেন আধিকারিকরা। এছাড়াও খাবারের গুণমান পরীক্ষা করা হচ্ছে।

ভয়ংকর চিত্র উঠে এসেছিল আগের অভিযানে

রাস্তার ধারের খাবারের দোকানে খাবারের গুণমান, পরিচ্ছন্নতা এবং খাদ্য সুরক্ষা সংক্রান্ত বিধি মেনে চলা হচ্ছে কি না, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই কথা মাথায় রেখে পুজোর আগে বেশ কয়েকটি লোকাল দোকান, বড় ও নামী রেস্তোরাঁগুলিতে ঢুঁ মেরেছিলেন আধিকারিকরা। আর তাতেই উঠে এসেছিল ভয়ংকর চিত্র। কোথাও নর্দমার উপর চলছে রান্না, তো কোথাও আবার হলুদে মেশানো হচ্ছে বিষাক্ত রাসায়নিক। মিষ্টির দোকানেও দেখা গিয়েছিল ভয়ংকর চিত্র। রান্নাঘর জুড়ে ঘুরে বেড়াচ্ছিল ইঁদুর, আরশোলা, টিকটিকি এবং অজস্র মাছি। এমতাবস্থায় রাজুদার মতো জনপ্রিয় স্ট্রিট ফুড বিক্রেতার দোকানে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের পরিদর্শনের খবর স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়িয়েছে।

আরও পড়ুন: রায়গঞ্জে হবে AIIMS, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরকেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে চিঠি মুখ্যসচিবের

কী বলছেন রাজুদা?

খাদ্য সুরক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন যে, “ওনার খাবারের আপাতত একটা স্যাম্পেল নেওয়া হয়েছে, ওটা পরীক্ষার জন্য আপাতত পাঠানো হচ্ছে। আর ওনার ফুড লাইসেন্স নেই, সেটার জন্য আবেদন করার পরামর্শ আমরা দিয়েছি। তবে প্রাথমিকভাবে খাবারে কোনো অসঙ্গতি দেখা যাচ্ছে না।” এ নিয়ে রাজুদা জানান, “আমরা স্যারদের কথা মতো ভবিষ্যতে একটি বড় জায়গায় নিজের দোকানটা খুলবো সব নিয়ম এবং নিরাপত্তা নিয়ে। এবং পৌরসভা থেকে লাইসেন্স এর জন্য ক্লেইম করব।”

google button
TRENDING সবচেয়ে বেশি পড়া ← বাদিকে স্ক্রল করুন