প্রধানমন্ত্রীর বন্ধুর জমি দখল বিজেপি বিধায়কের, CBI তদন্ত চেয়ে মোদির দ্বারস্থ প্রবীণ আসগর

Published:

Modi School Friend

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) স্কুল জীবনের বন্ধু তিনি (Modi School Friend)। পুরনো এক জমি সংক্রান্ত বিবাদে দ্বিতীয় চিন্তা না করে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সবটা জানালেন 81 বছর বয়সী ওই ব্যক্তি। জানা গিয়েছে, গত 8 সেপ্টেম্বর, নরেন্দ্র মোদির সাথে দেখা করে সম্পত্তি সংক্রান্ত পুরনো এক বিবাদে স্থানীয় বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতার বিরুদ্ধে অবিলম্বে CBI তদন্তের আবেদন জানিয়েছেন গুজরাতের বাসিন্দা আসগর আলী ভোহরা। যেই খবর প্রকাশ্যে আসতেই কার্যত চমকে গিয়েছেন সকলে! বেড়েছে রাজনৈতিক চাপানউতোর।

হঠাৎ কেন বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করলেন প্রধানমন্ত্রীর বন্ধু?

খোঁজ নিয়ে জানা গেল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক সময়কার সহপাঠী তথা স্কুল জীবনের বন্ধু আসগর আলী গুজরাতে থাকেন। সে রাজ্যের ভাদনগরের বি এন স্কুলে মোদির সাথে পড়াশোনা করেছিলেন তিনি। একসঙ্গে কাটিয়েছিলেন একটা দীর্ঘ সময়। তবে আজকের দিনে সেই বন্ধুই দেশের প্রধানমন্ত্রী। তাই তো সমস্যায় পড়ে দ্বিতীয় বিকল্প না ভেবে সোজা প্রধানমন্ত্রীর দরজায় কড়া নাড়লেন 81 বছরের প্রবীণ। বন্ধুর সাথে দেখা করতে দ্বিতীয় চিন্তা করেননি মোদিও।

জানা গিয়েছে, গুজরাতেরই স্থানীয় বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতার সংস্থা সেভেন ইলেভেন কনস্ট্রাকশনস এবং স্বয়ম বিল্ডার্সের কিছু সন্দেহজনক কাজকর্মের জন্য নিজের ব্যক্তিগত সম্পত্তি নিয়ে সমস্যায় পড়েছেন প্রধানমন্ত্রীর বন্ধু। ঠিক সে কারণেই নিজের জমি রক্ষা করতে প্রধানমন্ত্রী দ্বারস্থ হয়েছেন তিনি। শুধু তাই নয়, ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব CBI তদন্তের আর্জি জানিয়েছেন 81 বছরের ওই ব্যক্তি।

বলাই বাহুল্য, দীর্ঘ 40 বছর ধরে নিজের জমির অধিকারের জন্য লড়াই করে আসছেন প্রধানমন্ত্রীর বন্ধু আসগর। তাঁর অভিযোগ, 1989 সালে রেজিস্ট্রির মাধ্যমে 2,810 বর্গমিটারের ওই জমিটি কিনেছিলেন তিনি। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ওই ব্যক্তি উল্লেখ করেছেন, আজ পর্যন্ত নিজের জমি বিক্রি করার সিদ্ধান্ত নেননি তিনি। কিন্তু 2011 সালে স্থানীয় বিজেপি বিধায়কের সংস্থা স্বয়ম বিল্ডার্স এর যোগসাজসে কোনও ভাবে ওই জমিটির জাল দলিল তৈরি করা হয়েছিল। এ নিয়ে 2015 সালে থানায় লিখিত FIR দায়ের করেছিলেন তিনি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি!

প্রধানমন্ত্রীর বন্ধুর বক্তব্য, 2015 সালে FIR করার পর 2026 সালে ওই ঘটনায় রিপোর্ট দিয়েছে CID। তাঁর অভিযোগ, জমিটির প্রকৃত মালিক তিনি। এদিকে জাল দলিল তৈরি করে ওই জমিটিকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। যার মধ্যে একটি অংশ দেখানো হয়েছে বিজেপি বিধায়কের সংস্থা স্বয়ম বিল্ডার্স এবং আরেক অংশ দেখানো হয়েছে আরেক সংস্থা সেভেন ইলেভেন কনস্ট্রাকশনসের নামে। এই ঘটনায় দ্রুত ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে CBI তদন্তের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন ওই প্রবীণ।

 

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ময়দানে ভারত-চিন, রাজি হতে বাধ্য হলেন পুতিন!

সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রীর সাথে দেখা করে নিজের জমি নিয়ে গোটা বিষয়টি জানানোর পরই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। নরেন্দ্র মোদির সাথে বৈঠকের পরই স্থানীয় পৌরসভার আধিকারিকরা গোটা বিষয়টি আমলে নিয়েছেন এবং জানিয়েছেন আগামী 16 সেপ্টেম্বর এই ঘটনার শুনানি হবে। আর সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে জমির প্রকৃত মালিক এবং দুই সংস্থার প্রতিনিধিদের। এদিন উপস্থিত থাকতে পারেন স্থানীয় ওই বিজেপি বিধায়কও!