২২ হাজার টাকা দিলেই মাসে ২৫ লক্ষ আয়ের সুযোগ দিচ্ছে মোদী সরকার! জানুন আসল সত্যি

Published:

money scam

আনিষা চৌধুরী, কলকাতা: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি বিনিয়োগ প্রকল্পের প্রচার করতে দেখা যাচ্ছে। ভাইরাল ওই ভিডিওতে নরেন্দ্র মোদী (Narendra Modi) বলছেন, মাত্র ২২ হাজার টাকা বিনিয়োগ করলেই প্রতি মাসে ২৫ লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিত আয় করা সম্ভব। এত কম ব্যয় করে মাসে লক্ষাধিক টাকা আয়? দেখামাত্রই ভিডিওটি ঘিরে অনেকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অনেকের মনে এই নিয়ে আবার প্রশ্নও তৈরি হয়েছে। এই দাবির সত্যতা নিয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) Fact Check শাখা।

AI দিয়ে তৈরি প্রধানমন্ত্রীর ভুয়ো ভিডিও

PIB Fact Check জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি আসল নয়। প্রধানমন্ত্রীর মুখ এবং গলার স্বর ব্যবহার করে এই ভিডিওটি সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর সাহায্যে তৈরি করা হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রীকে যে বিনিয়োগ প্রকল্পের প্রচার করতে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে, সেটি সম্পূর্ণ ভুয়ো। এই ধরনের কোনও প্ল্যাটফর্ম বা স্কিমের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনও সম্পর্ক নেই।

ফ্যাক্ট চেকের মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেউই এমন কোনও বিনিয়োগ প্ল্যাটফর্ম বা প্রকল্পের জন্য অনুমোদন দেননি এবং সেটা নিয়ে প্রচারও করেননি। তাই প্রধানমন্ত্রীর নাম বা ছবি ব্যবহার করে কেউ যদি এই ধরনের বিনিয়োগের প্রস্তাব দেয়, তাহলে সেটা বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে পিবিআই-এর তরফ থেকে। বিশেষ করে দ্রুত ও গ্যারান্টি সহকারে বিপুল টাকা আয়ের প্রতিশ্রুতি দেওয়া এমন প্রচার যেই করুক না কেন, তাদের সবার থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: অনেক কিছু শেখার মতো রয়েছে, ভারত-চিন সম্পর্ক নিয়ে বড় মন্তব্য জিনপিংয়ের

PIB Fact Check সাধারণ মানুষকে অনলাইনে ব্যাংক এবং টাকা পয়সা সংক্রান্ত সমস্ত তথ্য গোপন এবং সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছে। অচেনা ওয়েবসাইট, লিঙ্ক, ফোনকল বা মেসেজে কোনওভাবেই ব্যাঙ্কের তথ্য, OTP কিংবা অন্যান্য আর্থিক তথ্য শেয়ার না করার নির্দেশ দিয়েছে PBI। একই সঙ্গে সরকারের নাম ব্যবহার করে সন্দেহজনক কোনও কনটেন্ট চোখে পড়লে তা PIB Fact Check-এর নজরে আনার অনুরোধ জানানো হয়েছে।