বিক্রম ব্যানার্জী, কলকাতা: IRCTC ওয়েবসাইটে টিকিট বুক করতে গেলে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমন দাবি নিয়েই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটি নতুন এবং উন্নত IRCTC ওয়েবসাইট (New IRCTC Website) চালু করার অনুরোধ করেন একদল পড়ুয়া। এদিন রেলমন্ত্রীকে কাছে পেয়ে বর্তমান ওয়েবসাইট নিয়ে একগুচ্ছ অভিযোগ জানান তাঁরা। আর তারপরেই কেন্দ্রীয় রেলমন্ত্রী নতুন IRCTC ওয়েবসাইটের ঘোষণা করলেন। অশ্বিনী বৈষ্ণবের ঘোষণা অনুযায়ী, আসন্ন 15 জুলাইয়ের মধ্যেই পুরনো ওয়েবসাইটটির জায়গা দখল করবে IRCTC-র নতুন ওয়েবসাইট।
ট্রেনের টিকিট বুকিংয়ের অভিজ্ঞতা বদলে যাবে যাত্রীদের
সম্প্রতি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করেন একদল পড়ুয়া। কেন্দ্রীয় মন্ত্রীর সাথে সাক্ষাতের পরই তাঁরা বর্তমান IRCTC ওয়েবসাইট নিয়ে একেবারে উদ্বেগ প্রকাশ করেন। পড়ুয়াদের দাবি, পুরনো ওয়েবসাইটটিতে টিকিট কাটতে গেলে বারবার সমস্যার মুখে পড়তে হয়। মাঝে মাঝে ল্যাগ হওয়া, পেজ উড়ে যাওয়ার মতো বিভ্রাটের সম্মুখীন হতে হয় তাঁদের!
মূলত বর্তমান ওয়েবসাইট ব্যবহারে সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরে রেলমন্ত্রীকে একটি নতুন এবং অত্যাধুনিক IRCTC ওয়েবসাইট চালু করার আবেদন জানান তাঁরা। পড়ুয়াদের কাছ থেকে আবেদন পাওয়ার পরই রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কথা বলেই নতুন ওয়েবসাইট চালু করার ঘোষণা করলেন রেলমন্ত্রী।
অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, “পড়ুয়ার IRCTC ওয়েবসাইট নিয়ে সমস্যার কথা জানিয়েছে। মূলত ক্যাপচা সিস্টেম এবং বুকিংয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে! আমরা ঠিক করেছি যাত্রীদের যাতে আর টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে না হয় সেজন্য একটি নতুন এবং অত্যাধুনিক IRCTC ওয়েবসাইট চালু করব। আশা রাখছি, আগামী 30 দিনের মধ্যে অর্থাৎ 15 জুলাইয়ের মধ্যেই চালু হয়ে যাবে সেই ওয়েবসাইট।” ওয়েবসাইট বদল নিয়ে রেলমন্ত্রী অনুরোধ রাখায় উচ্ছ্বসিত পড়ুয়ারাও।
অবশ্যই পড়ুন: বদলে গেল নিয়ম! বাংলার স্কুলগুলোর জন্য বিশেষ নির্দেশ রাজ্য সরকারের
প্রসঙ্গত, রেলের তরফে জানানো হয়েছে IRCTC ওয়েবসাইটে টিকিট বুকিং নিয়ে দেশের লাখ লাখ যাত্রীকে যাতে আর সমস্যায় পড়তে না হয় সেজন্যেই নতুন ওয়েবসাইট চালু করা হচ্ছে। এই ওয়েবসাইটটি পুরোপুরি চালু হয়ে গেলে ট্রেনের টিকিট বুকিংয়ের অভিজ্ঞতাই বদলে যাবে যাত্রীদের!










