সহেলি মিত্র, কলকাতা: দেশের সবচেয়ে আধুনিক ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এখন আর শুধু ভ্রমণের একটি মাধ্যম নয়, বরং একটি প্রধান পছন্দ হয়ে উঠেছে যাত্রীদের কাছে। এর হাইস্পিড এবং চমৎকার সুযোগ-সুবিধা যাত্রীদের এতটাই মুগ্ধ করেছে যে, মাত্র এক বছরেই প্রায় ৪ কোটি মানুষ এতে ভ্রমণ করে ফেলেছেন। যাত্রী সংখ্যার এই দৈনিক বৃদ্ধি ইঙ্গিত দেয় যে ভারতীয় রেলের (Indian Railways) চেহারা দ্রুত বদলে যাচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে, এটি কেবল একটি পরিসংখ্যান নয়, বরং দেশে আধুনিক ট্রেন ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদারও একটি প্রমাণ। যদিও এই ট্রেনের নিরাপত্তা নিয়েও বারবার প্রশ্ন উঠছে। বারবার বিভিন্ন জায়গায় ট্রেনকে লক্ষ্য করে চলছে পাথর ছোঁড়ার ঘটনায় উদ্বিগ্ন রেলও। ফলে ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বড় পদক্ষেপ নিয়েছে রেল। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
এবার ড্রোন দিয়ে নজরদারি চলবে বন্দে ভারত এক্সপ্রেসের
রেলের তরফে এখন নিরাপত্তার স্বার্থে ট্রেনের ওপর ড্রোন দিয়ে নজরদারি চালাবে। উত্তরপ্রদেশে গত বৃহস্পতিবার থেকে ট্রেনের নজরদারির জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এই উদ্যোগের অধীনে, আরপিএফ এবং জিআরপি স্টেশন প্রধানদের নির্দেশ দিয়েছে ট্রেনটি যাওয়ার সময় ড্রোন উড়িয়ে সেটির ওপর নজর রাখতে হবে। সেইসঙ্গে এবং ছবি ও ভিডিও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ ১৩০ কিমি বেগে ছুটবে ট্রেন, হাওড়া-শিয়ালদা রুটের এই সেকশনে ট্র্যাকের স্পিড বাড়াল রেল
সূত্রের খবর, রেলের তরফে এই উদ্যোগটি উত্তপ্রদেশের গঙ্গাগঞ্জ রেলস্টেশনে শুরু হয়েছে। আরপিএফ এবং জিআরপি-র একটি যৌথ দল লক্ষ্মণপুর স্টেশনের কাছে বিভিন্ন এলাকায় ড্রোন ক্যামেরা ব্যবহার করে নজরদারি অভিযানও চালায়। লক্ষ্য, ট্রেন ও মানুষের নিরাপত্তা জোরদার করা। আগামী দিনে এই ড্রোনের ব্যবহার বেশ কিছু জোনে করা হবে বলে খবর।
কী বলছে রেল?
নতুন এই উদ্যোগ প্রসঙ্গে বড় তথ্য দিয়েছে রেল। আরপিএফ পোস্ট ইন্সপেক্টর এ কে সিং এবং জিআরপি স্টেশন হাউস অফিসার শচীন কুমার জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলোকে রক্ষা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ড্রোন রেললাইন, প্ল্যাটফর্ম এবং আশেপাশের এলাকার রিয়েল-টাইম পর্যবেক্ষণে সক্ষম করবে। এগুলির ফলও যেকোনো সন্দেহজনক কার্যকলাপের ওপর তাৎক্ষণিক নজর রাখা সম্ভব হবে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া যাবে।










