সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের সবথেকে উচ্চাকাঙ্ক্ষী অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (Stealth Aircraft) বা পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট কর্মসূচির ইঞ্জিন তৈরিতে এবার বিরাট গতি পেল। ব্রিটিশ অ্যারোস্পেস জায়ান্ট রোলস রয়েস (Rolls-Royce) ভারতকে এবার সম্পূর্ণ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসহ যৌথভাবে একটি নেক্সট জেনারেশন ফাইটার ইঞ্জিন তৈরির প্রস্তাব দিয়েছে।
সূত্রের খবর, রোলস রয়েসের এই আকর্ষণীয় প্রস্তাব ফরাসি প্রতিরক্ষা জায়ান্ট সাফরানের সঙ্গে তাদের সরাসরি প্রতিযোগিতায় ফেলেছে। কারণ, সাফরন দীর্ঘদিন ধরেই ভারতের এই স্টিলথ ফাইটার বিমানের জন্য নিজস্ব প্রযুক্তিতে ইঞ্জিন তৈরির লক্ষ্যে নয়া দিল্লির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
কবে উড়বে এই ইঞ্জিন?
রোলস রয়েসের প্রস্তাব অনুযায়ী, প্রস্তাবিত এই ইঞ্জিনটি ভারতের মাটিতেই সম্পূর্ণ যৌথ অংশীদারিত্বের মাধ্যমে তৈরি করা হবে। জানা গিয়েছে, এই ইঞ্জিনের প্রথম পর্যায়ের ভূমি পরীক্ষা ২০২৯ সালের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এমনকি সমস্ত পরীক্ষা সফল হলে ২০৩১ সালের মধ্যেই দেশীয় পাওয়ার প্ল্যান্ট বা ইঞ্জিন সহ ফাইটার জেটটি আকাশ উড়বে। এদিকে রোলস রয়েছে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সচিব মুকুন্দন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এএমসিএ প্রোগ্রামের জন্য আমরা যে ইঞ্জিনের প্রস্তাব দিয়েছি, সেটি ভারতের বুকেই তৈরি করা সম্ভব। ২০২৯ সালের মধ্যেই এর গ্রাউন্ড টেস্টিং আর ২০৩১ সালের মধ্যেই পাওয়ার প্ল্যান্টের প্রথম সফল উড়ান সম্পন্ন করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।
বলে রাখি, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের দীর্ঘদিনের দাবি হল যে কোনও বড় চুক্তির ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর এবং সম্পূর্ণ আইপি রাইটস ভারতের হাতেই রাখা হবে। সাধারণত সামরিক চুক্তিগুলোতে বিদেশী সংস্থাগুলি প্রযুক্তির আংশিক হস্তান্তর করলেও মূল নকশা নিজেদের কাছে রেখে দেয়। কিন্তু রোলস রয়েছে এই প্রস্তাবে শুধুমাত্র প্রযুক্তি হস্তান্তর নয়, বরং ইঞ্জিনের ডিজাইন, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, সার্টিফিকেশন ভবিষ্যৎ প্রয়োজন অনুযায়ী আপডেট কিংবা আধুনিকীকরণের সম্পূর্ণ অধিকার ভারতের হাতেই থাকবে।
আরও পড়ুনঃ তিন ঘণ্টার রাস্তা মাত্র ১৫ মিনিটে, ভারতের জন্য গেমচেঞ্জার এশিয়ার দীর্ঘতম দ্বি-মুখী সুড়ঙ্গ
না বললেই নয়, সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এই দেশীয় এএমসিএ প্রকল্পের জন্য রিকোয়েস্ট ফর প্রপোজাল জারি করেছে। আর যেখানে দেশের বেসরকারি শিল্পক্ষেত্রকেই বড় আকারে যুক্ত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমনকি এই মেগা প্রকল্পের জন্য তিনটি বড় বড় জোটকে নির্বাচিত করা হয়েছে। তারা হল টাটা অ্যাডভান্সড সিস্টেম, , লার্সেন অ্যান্ড টুব্রো ও ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের যৌথ জোট, ভারত ফোর্জ এবং বিইএমএল।










