“লাদাখে গণহত্যার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর!” অমিত শাহের পদত্যাগের দাবি সোনম ওয়াংচুকের

Published:

Sonam Wangchuk

সৌভিক মুখার্জী, কলকাতা: লাদাখের লেহতে চলা হিংসার ঘটনার উপলক্ষে আয়োজিত জনসভায় দাঁড়িয়ে ফের সরব হলেন পরিবেশ ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। এবার সরাসরি এই ঘটনার পিছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করলেন সোনম। লাদাখকে পৃথক রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করে সুরক্ষার দাবিতে আন্দোলন চলাকালীন চারজনের মৃত্যু নিয়ে সুর চড়িয়েছেন তিনি। এমনকি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করার অপরাধে তাঁকে যে কোনও সময় এনকাউন্টার করে হত্যা করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন সোনম।

অমিত শাহের পদত্যাগের দাবি সোনম ওয়াংচুকের

গত বছর ২৪ সেপ্টেম্বর লাদাখে হিংসা চলাকালীন মৃত্যু হয় চারজনের। বৃহস্পতিবার সেই ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে ২০ কিলোমিটার পদযাত্রার পর জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে সোনম ওয়াংচুক বলেন, “অমিত শাহকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং লাদাখের গণহত্যার দায় নিতে হবে। এই আন্দোলনটি ৬ বছর শান্তিপূর্ণ ছিল। কিন্তু ২০২৫ সালে সহিংসতা কেন ঘটল এবং এর জন্য কে দায়ী? বিজেপি ২০২০ সালের নির্বাচনী ইশতেহারে বলেছিল যে তারা সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে লাদাখকে সুরক্ষা দেবে। তবে তারপর তারা অবস্থান থেকে সরে আসে।”

সোনমের আরও সংযোজন, “যখন আমাদের তরুণরা তাদের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন তাদেরকে মারধর করা হয় এবং অযথা মামলা চাপিয়ে দেওয়া হয়। এই সব কিছু দিল্লির মাধ্যমেই পরিচালিত হয়েছে। লাদাখের প্রতিনিধিদের সবকিছুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু দুই বছর এবং ১৫ দফা আলোচনার পর অমিত শাহজি তাদের জানিয়ে দেন যে, তারা ষষ্ঠ তফসিল দেবেন না এবং জোর দিয়ে বলেন যে, প্রধানমন্ত্রী লিখিতভাবে আশ্বাস দিলেও আমি এই সুরক্ষা দেব না। লাদাখের মানুষের সাহসের কোনও অভাব নেই। তবে আমরা ন্যায়বিচার বুঝি। স্বরাষ্ট্রমন্ত্রীকেই এই গণহত্যার দায় নিতে হবে।”

আরও পড়ুন: মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে কমে গেল সোনা, রুপোর দাম! আজকের রেট

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই লাদাখের মানুষ পৃথক রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় সাংবিধানিক সুরক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। তবে গত বছর ২৪ সেপ্টেম্বর আন্দোলন চলাকালীন ঘটে হিংসার ঘটনা। পুলিশের গুলিতে মৃত্যু হয় চারজনের। যদিও সেই ঘটনার পর বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এবার সেই রিপোর্ট প্রকাশ্যে আনার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন লাদাখের এই বিখ্যাত সমাজকর্মী।