বিক্রম ব্যানার্জী, কলকাতা: অ্যাসিড হামলার শিকার হয়েছেন, এমন যাত্রীদের ট্রেনের ভাড়ায় ছাড় দিতে হবে রেলকে (Indian Railways)। সেই মর্মে, সুস্পষ্ট নীতি তৈরি করতে হবে। এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court) । ভারতীয় রেলকে দেশের শীর্ষ আদালতের নির্দেশ, অ্যাসিড আক্রান্তদের রেলের ভাড়ায় ছাড় দেওয়ার নীতি তৈরি করার পাশাপাশি সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনে থাকা দিব্যাঙ্গজন সশক্তিকরণ বিভাগকেও এই বিশেষ ব্যবস্থার অধীনে যুক্ত করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
অ্যাসিড আক্রান্তরা রেলের ভাড়ায় পাবেন বড় ছাড়
অ্যাসিড হামলার শিকার হওয়া ব্যক্তিদের অনেক সময় দীর্ঘমেয়াদি চিকিৎসা বা অস্ত্রোপচারের জন্য দেশের মধ্যেই দূরের হাসপাতালে যেতে হয়। সেক্ষেত্রে ট্রেনে বারবার যাতায়াতের জন্য গুনতে হয় মোটা টাকা। বিশেষ করে এক্সপ্রেস ট্রেনের AC কামরায় যাতায়াতের ক্ষেত্রে প্রচুর টাকা চলে যায় তাঁদের। মূলত সে কারণেই অ্যাসিড আক্রান্তদের ট্রেনের ভাড়ায় ছাড় দেওয়ার দাবি উঠছিল বহুদিন ধরেই।
বলাই বাহুল্য, এর আগে গত 13 আগস্ট, কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল অ্যাসিড হামলায় আক্রান্তদের রেলের ভাড়ায় অতিরিক্ত ছাড় দেওয়ার জন্য নীতিগতভাবে তারা একমত। তাঁদের কীভাবে এই ধরনের সুবিধা দেওয়া যাবে, কোন পদ্ধতিতে অ্যাসিড আক্রান্তরা ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে ভাড়ায় ছাড় পাবেন সেটা নিয়ে নয়া নীতি তৈরি করছে সরকার। কেন্দ্রের তরফে এও জানানো হয়েছিল, সরকারের প্রস্তাবিত ব্যবস্থায় অ্যাসিড আক্রান্তদের দিব্যাঙ্গ শ্রেণির আওতায় না রেখে তাঁদের রোগী ক্যাটাগরির মাধ্যমে ট্রেনের ভাড়ায় ছাড় দেওয়া যায় কিনা সেটা নিয়েই চলছে আলোচনা।
আরও পড়ুন: যে কারণে এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিল বাংলাদেশ
সরকারি সূত্র মারফত খবর, অ্যাসিড আক্রান্তদের ট্রেনের টিকিটে ছাড় দেওয়ার জন্য প্রস্তাবিত নীতির কাঠামো কী হবে, এই বিশেষ ব্যবস্থায় ঠিক কারা কারা সুবিধা পাবেন, সেসব নিয়েই সংশ্লিষ্ট দপ্তরগুলিতে চলছে আলোচনা। তা নিয়েই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ জানিয়েছে, সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনস্থ দিব্যাঙ্গজন সশক্তিকরণ বিভাগকেও চূড়ান্ত নীতি প্রণয়নের ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা উচিত। এই মামলার পরবর্তী শুনানি হবে খুব শীঘ্রই। তবে যে কথা না বললেই নয়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে ট্রেনের ভাড়ায় খুব শীঘ্রই মোটা টাকা ছাড় পেতে পারেন অ্যাসিড আক্রান্তরা। তাতে চিকিৎসার জন্য দূরদূরান্তে যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সাশ্রয় হবে তাঁদের।










