ওমান উপকূলে ডুবন্ত জাহাজ থেকে উদ্ধার ১৪ জন ভারতীয়, সাহায্যে মার্কিন সেনা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগে হরমুজ প্রণালীর কাছে ওমান উপকূলে (Gulf of Oman) মার্কিন হামলায় মৃত্যু হয়েছিল তিনজন ভারতীয় নাবিকের। সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল নয়া দিল্লি। তলব করা হয়েছিল ভারতে নিযুক্ত আমেরিকার কূটনীতিবিদকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ওমান উপকূলে ডুবন্ত একটি জাহাজ থেকে উদ্ধার করা হল 14 জন ভারতীয়কে। সূত্রের খবর, ওমান প্রশাসনের তৎপরতায় এবং মার্কিন সেনার সহযোগিতায় নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ভারতীয়দের।

মার্কিন নৌসেনার সহযোগিতায় প্রাণে বাঁচলেন ভারতীয় নাবিকরা

রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ রবিবার ওমান উপকূলের কাছে ভারতের পতাকা লাগানো একটি জাহাজকে ডুবতে দেখে মার্কিন নৌসেনা। তড়িঘড়ি খবর দেওয়া হয় ভারতীয় নৌবাহিনীকে। আমেরিকান নৌসেনার কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পরই ওমান প্রশাসনের সাথে সমন্বয় করে লাইফবোট নামিয়ে উদ্ধার করা হয় 14 জন ভারতীয় নাবিককে। এই খবর জানিয়েছে ওমানের ভারতীয় দূতাবাস।

ওমানের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয় উপকূলের কাছে সমুদ্রে ডুবতে থাকা ভারতীয় জাহাজটির নাম বিরাট 1। ওই বাণিজ্যিক জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি মাঝ সমুদ্রে ডুবতে থাকে। ঠিক ওই সময় জাহাজটিতে উপস্থিত বেশ কয়েকজন ভারতীয় নাবিক। পরবর্তীতে ওমান প্রশাসনের তৎপরতায় উদ্ধার করা হয়েছে 14 জন ভারতীয় নাবিককে। সূত্র মারফত খবর, এখনও ওই জাহাজে উদ্ধার কাজ চলছে।

অবশ্যই পড়ুন: স্মার্ট মিটার লাগানোর আগে এটি অবশ্যই করতে হবে, ১ অগাস্ট থেকে কার্যকর হবে নিয়ম

উল্লেখ্য, গত সপ্তাহে ওমান উপকূলে তিনটি বাণিজ্যিক জাহাজে জোরালো হামলা চালিয়েছিল মার্কিন সেনা। এই হামলার ঘটনায় মৃত্যু হয় তিনজন ভারতীয় নাবিকের। আর এমন খবর প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানায় নয়া দিল্লি। তলব করা হয়, নয়া দিল্লিতে নিযুক্ত আমেরিকান কূটনীতিবিদকে। ঠিক সেই ঘটনার পর এবার মার্কিন সেনার সহযোগিতায় প্রাণে বাঁচলেন 14 জন ভারতীয়।