খেলতে যাওয়ার পথে পাকিস্তানের ফুটবলারদের বাস থামিয়ে ডাকাতি, শিরোনামে সেই বালুচিস্তান

Published:

Football team bus

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টুর্নামেন্ট খেলতে যাওয়ার পথে ভয়াবহ অভিজ্ঞতা শিকার হল পাকিস্তানের (Pakistan) করাচি ডিস্ট্রিক্ট ফুটবল দল। সংবাদ সংস্থা PTI এর রিপোর্ট অনুযায়ী, কোয়েটায় চিফ মিনিস্টার্স গোল্ড কাপে অংশগ্রহণ করতে যাওয়ার সময় বালুচিস্তানের (Balochistan) মস্তং ও সারিয়াবের হাইওয়েতে ওই ফুটবল দলের বাস আটকায় বন্দুকধারীরা। আর তারপরেই বাসে ঢুকে বন্দুক তাক করে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্লেয়ারদের কাছ থেকে তাঁদের স্মার্টফোন সহ নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ছিনতাই করে নিয়ে গিয়েছে তাঁরা।

বাস থামিয়ে ফুটবলারদের টাকা পয়সা লুঠ করল দুষ্কৃতীরা

জানা গিয়েছে, 20 জন ফুটবলারকে নিয়ে ওই বাসটি কোয়েটার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বালুচিস্তানের হাইওয়ের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ মুখ বাধা অবস্থায় কয়েকজন দুষ্কৃতি বাসটি থামিয়ে প্লেয়ারদের বন্দুক দেখিয়ে একের পর মূল্যবান জিনিস সহ টাকা পয়সা লুঠ করে নিয়ে যায়। শুধু তাই নয়, প্রতিবাদ জানানোয় বেশ কয়েকজন ফুটবলারকে বেধড়ক মারধর করারও অভিযোগ উঠেছে। যে ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন বাকি প্লেয়াররা।

এ প্রসঙ্গে, ওই ফুটবল দলের ম্যানেজার  জুলফিকার আলি ভুট্টো জানিয়েছেন, “কয়েকজন দুষ্কৃতি হঠাৎ করেই বাস থামিয়ে প্রায় এক ঘন্টা ধরে প্লেয়ারদের তল্লাশি চালায়। প্রত্যেক প্লেয়ারকে ভয় দেখিয়ে জোর করে তাঁদের কাছ থেকে সমস্ত মূল্যবান জিনিস লুঠ করে নিয়ে যাওয়া হয়। বন্দুক দেখিয়ে তাঁরা ফুটবলারদের কাছ থেকে সব কিছু লুঠ করে নিয়ে গিয়েছে। তাঁদের কাছে কিছু কিনে খাওয়ার মতো পয়সাও ছিল না।”

আরও পড়ুন: ISL-র আগেই দাপুটে ফুটবলার ক্রেসপোকে বিদায় জানাল ইস্টবেঙ্গল, শেষ ৩ বছরের যাত্রা

ফুটবল দলটির ম্যানেজার জানিয়েছেন, গোটা ঘটনাটি টুর্নামেন্টের আয়োজকদের জানানো হয়েছে। ঘটনা প্রসঙ্গে ইতিমধ্যেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে বালুচিস্তানের ক্রীড়ামন্ত্রীর কাছে। শুধু তাই নয়, দুষ্কৃতীরা ফুটবলারদের ফোন সহ অন্যান্য মূল্যবান জিনিস লুঠ করে নিয়ে যাওয়ায় ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে পাকিস্তানের ওই ফুটবল দলটির তরফে। এই ঘটনায় ফের নতুন করে বালুচিস্তানকে নিয়ে উদ্বেগ বেড়েছে পাকিস্তান সরকারের!

google button