বিক্রম ব্যানার্জী, কলকাতা: মক্কা চুক্তিতে (Mecca Deal) এখনই কোনও নতুন দেশকে অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান (Pakistan)। সেই ইসলামাবাদই জানিয়েছে, মক্কা চুক্তির অধীনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে এখনই কোনও রকম পদক্ষেপ নেওয়ার ইচ্ছে নেই তাঁদের। এদিকে এই পাকিস্তানই দুদিন আগে হুথি বিদ্রোহীদের পদক্ষেপের বিরোধিতা করে সৌদি আরবের পাশে দাঁড়িয়েছিল। তারা এবার সুর পাল্টাতেই কার্যত ধাক্কা খেলো সৌদি। কূটনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এমন মন্তব্য করে একপ্রকার মক্কা চুক্তি নিয়ে সৌদি আরবকে বড়সড় ধাক্কা দিল ইসলামের দেশ পাকিস্তান।
সৌদি আরবকে ধাক্কা দিল পাকিস্তান!
গত 7 আগস্ট পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে যে মক্কা চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তির অধীনে, কোনও বহিরাগত দেশ যদি এই চুক্তির অধীনে থাকা তিন মিত্রশক্তি বা দেশের উপর হামলার চালায় সেক্ষেত্রে সেই হামলাকে বাকি দুই দেশ নিজেদের উপর হওয়া হামলা হিসেবেই গণ্য করবে। শুধু তাই নয়, সেই আঘাতের পর বন্ধু দেশটিকে রক্ষা করতে সব রকম সামরিক সহায়তা করবে তারা।
বলাই বাহুল্য, সাম্প্রতিক সময়ে সৌদি আরবের উপর আঘাত হেনেছে হুথি বিদ্রোহীরা। হুথিদের সেই হামলা নিয়েই এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় মক্কা চুক্তির অন্যতম বড় অংশীদার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খানকে। প্রশ্ন ছিল, “হুথি বিদ্রোহীরা যেভাবে সৌদি আরবের উপর আঘাত হেনেছে সেই বিষয়টাকে পাকিস্তান কীভাবে দেখছে এবং এই ঘটনার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে?”
আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খুব পরিষ্কার ভাবে জানান, “মক্কা চুক্তির প্রধান উদ্দেশ্য সদস্য দেশগুলির মধ্যে নিরাপত্তা এবং সামরিক সহযোগিতা জোরদার করা। এখনই আমাদের এই চুক্তির অধীনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কোনও পরিকল্পনা নেই। এ নিয়ে আলোচনাও হয়নি। ইসলামাবাদ নিয়মিত নিরাপত্তা এবং প্রতিরক্ষা নিয়ে সৌদি আরবের সাথে যোগাযোগ করছে। এই চুক্তির বিভিন্ন দিক ধীরে ধীরে সকলের সামনে তুলে ধরা হবে। চুক্তিটি পুরোপুরি কার্যকর করতে সময় লাগবে।”
আরও পড়ুন: IPL-এ পিটিয়েছিলেন বৈভব সূর্যবংশী, এবার প্রতিশোধ নিয়ে নিলেন সেই ভারতীয় বোলার
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এই বিবৃতি এমন সময় এলো যখন বারবার হুথি হামলার শিকার হচ্ছে সৌদি আরব। অনেকেই মনে করছেন, মক্কা চুক্তির অধীনে সৌদি আরবের উপর হামলা হলে পাকিস্তানের দায়িত্ব রুখে দাঁড়ানো! কিন্তু সেই পথ থেকে আস্তে আস্তে পিছু হটছে ইসলামাবাদ! যা সৌদির জন্য বড়সড় ধাক্কা! পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নিলেও সৌদি আরবের পাশে থাকার বার্তা দিয়েছে!










