আটকা পড়েন নেপালের ভারী তুষারপাতে, অবশেষে উদ্ধার ৪ বাঙালিসহ ৬ ভারতীয় পর্যটক

Published:

Nepal

সৌভিক মুখার্জী, কলকাতা: নেপালের (Nepal) ভয়াবহ তুষারপাতে আটকা পড়েছিলেন ৪ বাঙালিসহ ৬ ভারতীয় পর্যটক। হঠাৎ করেই বরফে ঢেকে যায় পাহাড়ি রাস্তা। চারদিক জুড়ে শুধু তুষারপাত। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই পর্যটকদের সঙ্গে। তবে বড় খবর এই যে, একটি বেসরকারি হেলিকপ্টারের মাধ্যমে ওই ৬ ভারতীয় পর্যটককে সোমবার সকালে উদ্ধার করা সম্ভব হয়।

অবশেষে উদ্ধার হল ৬ জন ভারতীয় পর্যটক

আকাশবাণীর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ওই ৬ পর্যটক কাঠমান্ডু থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে শে ফোকসুন্দো গ্রামীণ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধো এলাকায় ভ্রমণ করতে গিয়েছিলেন। এ বিষয়ে ডোলপা জেলা পুলিশ অফিসারের মুখপাত্র বিনয় সিং জানিয়েছেন, শে ফোকসুন্দো থেকে ফেরার পথেই ওই দলটি পাহাড়ি রাস্তায় আটকা পড়ে। শনিবারের ভারী তুষারপাতের কারণে ওই রাস্তা সম্পূর্ণ দুর্গম হয়ে পড়ে। এমনকি এলাকাটি পুরো বরফে ঢাকা থাকায় উদ্ধার অভিযানেও দেখা দেয় সমস্যা।

প্রথমে নেপাল সেনার তরফ থেকে একটি হেলিকপ্টার পাঠিয়ে ওই পর্যটকদের উদ্ধারের চেষ্টা করা হয়। তবে প্রথমেই সেনা বিমানঘাঁটিতে থাকা ওই হেলিকপ্টারটিতে যান্ত্রিক সমস্যা ধরা পড়ে। ফলে অভিযান আরও কিছুটা পিছিয়ে যায়। তবে বিকল্প হেলিকপ্টার পাঠানো হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে সেটি অবতরণ করতে না পারায় ওই কর্তৃপক্ষ অভিযানটি স্থগিত করতে বাধ্য হয়। অবশেষে সোমবার সকালে একটি বেসরকারি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে ওই ৬ জন পর্যটককে সফলভাবে উদ্ধার করেছে বলেই খবর। আপাতত তাঁদের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ৬ জনের অবস্থাই আশঙ্কামুক্ত।

এ বিষয়ে ডোলপার মুখ্য জেলা আধিকারিক জুনু হামাল ধাকাল জানিয়েছেন, আবহাওয়া খারাপ থাকার কারণে আগেই পর্যটকদের সতর্ক করা হয়েছিল। নিরাপত্তা কর্মীদের পাশাপাশি তাঁদের সঙ্গে থাকা নেপালি গাইড পাহাড়ের দিকে এগোতে নিষেধ করেছিলেন আগেই। এছাড়া স্থানীয় প্রশাসন উচ্চ পার্বত্য এলাকায় যাতায়াতের ওপর বিধি-নিষেধ জারি করেছিল। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই ওই ৬ জন পর্যটক এগিয়ে যান।

আরও পড়ুন: ক্লাসে ঢুকে ছাত্রীদের ওপর করাত দিয়ে হামলা, মূল অভিযুক্তকে এনকাউন্টার করল পুলিশ

তিনি আরও জানান, নির্ধারিত পর্যটনপথ ছেড়ে অন্য একটি দুর্গম রাস্তা ধরে এগোচ্ছিলেন তাঁরা। পাশাপাশি গাইডকে মাঝপথে ছেড়ে দেন। তারপরেই তুষারপাত বাড়তে থাকায় চলাচলের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শনিবার সন্ধ্যাবেলা ওই পর্যটকদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে শেষ পর্যন্ত প্রশাসনকে খবর দেন গাইড। রবিবার সকাল থেকেই মোবাইল নেটওয়ার্কের অভাবে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অবশেষে সোমবার সকালে হেলিকপ্টার পাঠিয়ে তাঁদেরকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

google button