প্রীতি পোদ্দার, কলকাতা: বীরভূমে পাথর সম্রাট টুলু মণ্ডল কাণ্ডে (Tulu Mandal Case) নয়া মোড়, পুঙ্খানুপুঙ্খ তদন্তের মধ্যেই এবার বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। রবিবার গভীর রাতে গ্রেফতার করা হল অবসরপ্রাপ্ত এক উচ্চপদস্থ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। ধৃতের নাম রবিউল ইসলাম (Rabiul Islam Arrested)। রামপুরহাট মহকুমা এলাকার মাড়গ্রাম থেকে তাঁকে তুলে আনা হয়েছিল। জানা গিয়েছে, আজ তাঁকে সিউড়ি আদালতে পেশ করা হবে। আর এই খবর প্রকাশ্যে আসতেই চরম চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হল রাজ্য রাজনীতির অন্দরে।
১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ
টুলু মণ্ডল ঘটনায় শুরু থেকেই তদন্তে একের পর এক চমকপ্রদক পদক্ষেপ নিয়ে চলেছে পুলিশ। গত ১৩ অক্টোবর পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল সংক্রান্ত মামলায় সিউড়ি আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সেখানে ১২ জন অভিযুক্তের মধ্যে মূল অভিযুক্ত টুলু বাদে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত ৪ অক্টোবর গ্রেফতার করা হয়েছিল মহম্মদবাজার ব্লকের প্রাক্তন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সব্যসাচী মণ্ডলকে। সেই নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছিল। এবার মাসের শুরুতেই ফের এক প্রশাসনিক আধিকারিককে এই ঘটনায় গ্রেফতার করল পুলিশ।
ধরা পড়লেন আরও এক আধিকারিক
জানা গিয়েছে, গতকাল, রবিবার, গভীর রাতে রামপুরহাট মহকুমা এলাকার মাড়গ্রাম থেকে অত্যন্ত সচেতনভাবে এবং গোপনীয়তা বজায় রেখে অবসরপ্রাপ্ত এক উচ্চপদস্থ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। পুলিশের অভিযোগ জমা পড়া চার্জশিটে ওই আধিকারিকের নাম থাকলেও এতদিন তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। মূলত পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। শেষে রবিউল ইসলামের সন্ধান পেয়ে রবিবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। আজই সিউড়ি আদালতে তোলা হবে তাঁকে।
আরও পড়ুন: নবম থেকে দ্বাদশ শ্রেণিতে বাধ্যতামূলক, স্কুল পড়ুয়াদের নয়া শিক্ষা
এদিকে গোটা ঘটনায় এখনও বেপাত্তা টুলু মণ্ডল। পুলিশ, সিবিআই, ইডি কেউই তাঁর নাগাল পাচ্ছে না। অভিযোগ সে নাকি বিদেশে। তবে এবার কেন্দ্রের তরফে নেওয়া হতে চলেছে মোক্ষম চাল। গত সপ্তাহে সুপ্রিম কোর্টে টুলুর জামিন মামলার শুনানিতে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান টুলুকে বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে টুলুকে ফেরানো হবে। যদিও এখন দেখার এই পদক্ষেপ কতটা কার্যকর হয়।










