প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্মূল্যের বাজারে ১০০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে চিকেন (Chicken Price), দাম শুনেই হতচকিত সাধারণ মানুষ। পকেট ফ্রেন্ডলি এই দামে উত্তর ২৪ পরগনার আমডাঙার (Amdanga) সোনাডাঙ্গা মোড়ে রীতিমতো ভিড় জমিয়েছে সকলে। আসলে প্রতিদিনের বাজার খরচ সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বিশেষ করে মুরগির মাংস কিনতে গেলেই পকেটে টান পড়ছে অনেকের। কিন্তু এবার সেই দামে স্বস্তি দিতে পোলট্রি মুরগির দামে আনা হল নয়া অফার।
১০০ টাকা কেজি চিকেন
মূল্যবৃদ্ধির বাজারে সব জিনিসের নাম যে হারে বাড়ছে, তাতে দিনে দুই বেলা খাবার জোগাড় করতেই কপালে ভাঁজ পড়ছে। এমনকি মুরগির মাংসের দামও বেশ চরচরিয়ে বাড়ছে। এমতাবস্থায় মুরগি প্রেমীদের জন্য পকেট-ফ্রেন্ডলি অফার নিয়ে হাজির হল উত্তর ২৪ পরগনা। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আমডাঙার সোনাডাঙ্গা মোড়ে প্রতি কেজি পোলট্রি মুরগির দাম রাখা হয়েছে মাত্র ১০০ টাকা। বাজারদরের তুলনায় এই দাম অনেকটাই কম হওয়ায় স্বাভাবিকভাবেই ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আর এই অফার প্রকাশ্যে আসতেই ভিড় জমিয়েছেন একাধিক ক্রেতা।
কী বলছেন দোকানদার?
দোকানদার জানিয়েছেন, “বাজারে এমনিই রেট কমে গিয়েছে। অনেক দোকানদার এখনও ইচ্ছে করে বেশি দামে বিক্রি করছে। আসলে আমরা নিজস্ব গাড়িতে সরাসরি ফার্ম থেকে মাল তুলি। আমি চাই ৩০-৪০ ক্যারোট মাল বিক্রি করে আমার সঙ্গে যারা কাজ করছে তাঁদেরও সংসার চলুক। আমি মূলত বারাসতের বিখ্যাত বিখ্যাত হোটেলে চিকেন সাপ্লাই করি। তবে জানিনা এই রেটে আর কতদিন মাল বিক্রি করতে পারব। তবে কেউ যদি নতুন দোকান খুলতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। আমি পর্যাপ্ত পরিমাণে মাল সাপ্লাই করতে পারব।”
আরও পড়ুন: নবম থেকে দ্বাদশ শ্রেণিতে বাধ্যতামূলক, স্কুল পড়ুয়াদের নয়া শিক্ষা
খুশি ক্রেতারা
ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরাও জানান যে, “বর্তমান বাজারে যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে পুষ্টিকর খাবার কেনা খুবই কঠিন হয়ে পড়ছে। তবে এইমুহুর্তে আমডাঙ্গার এই দোকানে মাংসের দাম কম থাকায় আমরা খুব খুশি। অনেক মানুষ এখানে আসছেন মাংস কিনতে। বরাবরই দোকানদার ভালো মাল সাপ্লাই করে আসছে। আশা করি ভবিষ্যতেও একই পদ্ধতি অবলম্বন করবেন তিনি।”
প্রসঙ্গত, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে সাধারণ মানুষের চিন্তার শেষ নেই। মাছ, মাংস থেকে শুরু করে সবজির বাজারেও খরচের চাপ বাড়ছে। সেই পরিস্থিতিতে মাত্র ১০০ টাকা কেজি দরে পোলট্রি মুরগি বিক্রির খবর নিঃসন্দেহে ক্রেতাদের নজর কাড়ছে।










