অনন্যা সরকার, কলকাতা: ঘর পরিষ্কার করার সময় মেঝে, কাঁচের উপরিভাগ বা আসবাবপত্রের দিকে নজর দেওয়া হলেও, জানালা ও দরজার রেলিংগুলো প্রায়ই অবহেলিত থেকে যায়। স্লাইডিং উইন্ডো বা ডোরের (Sliding Window / Sliding Door) নীচের অংশগুলিতে সময়ের সাথে সাথে সেখানে ধুলোবালি, নোংরা ও আর্দ্রতা জমতে থাকে। দীর্ঘ সময় ধরে পরিষ্কার না করলে, প্যানেলে ছত্রাক জন্মে যাওয়াও অস্বাভাবিক নয়। বাইরে থেকে পরিষ্কার মনে হলেও, যে অংশে জানলা ও দরজাগুলো বসানো থাকে, তার ভেতরে প্রচুর ময়লা লুকিয়ে থাকতে পারে। নিয়মিত পরিষ্কার করলে কেবল ময়লা বা ছত্রাকই দূর হয় না, বরং জানালা ও দরজাগুলোও সহজে খোলা, বন্ধ করা যায়। রেলিংয়ে ময়লা জমে গেলে স্লাইড করতে অসুবিধা হতে পারে, যার ফলে সেগুলো খুলতে বা বন্ধ করতে অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হয়। চলুন তাহলে এই সমস্যা দূর করতে স্লাইডিং জানলা ও দরজার রেলিং পরিষ্কার করার সহজ উপায়গুলি জেনে নেওয়া যাক।
স্লাইডিং দরজা-জানলার রেলিং পরিষ্কারের উপায়
স্লাইডিং উইন্ডো বা ডোরের রেলিং পরিষ্কার করার জন্য প্রয়োজন হবে একটি ভ্যাকুয়াম ক্লিনার, একটি পুরনো টুথব্রাশ বা ছোট আকারের ব্রাশ, বেকিং সোডা, সাদা ভিনেগার, একটি স্প্রে বোতল, কটন সোয়াব এবং মাইক্রোফাইবার কাপড়। এছাড়া, কোণার দিকে জমে থাকা ময়লা পরিষ্কার করার জন্য কাপড়ে মোড়ানো একটি ফ্ল্যাট-হেড স্ক্রু-ড্রাইভারও কার্যকরী হতে পারে।
রেলিং পরিষ্কারের জন্য, প্রথমে ভ্যাকুয়াম ক্লিনারের সরু নজলটি ব্যবহার করে শুকনো ধুলোবালি ও ময়লা সরিয়ে ফেলতে হবে। যদি ভ্যাকুয়াম ক্লিনার না থাকে, তবে ছোট ব্রাশ ব্যবহার করা যেতে পারে। এরপর, সমপরিমাণ গরম জল ও সাদা ভিনেগারের মিশ্রণ রেলিংয়ের ভিতরের দিকে স্প্রে করতে হবে। যদি ময়লা খুব বেশি জমে থাকে, তবে এর মধ্যেও সামান্য বেকিং সোডা মিশিয়ে দিতে হবে।
আরও পড়ুন: বাড়ির দরজায় কেন ঝোলানো হয় লেবু-লঙ্কা?
এরপর টুথব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করতে হবে। যে কোণাগুলিতে ময়লা বেশি জমেছে, সেখানে বাড়তি মনোযোগ দিয়ে পরিষ্কার করতে হবে। যদি ছত্রাক থাকে, তবে সেখানে ভিনেগার লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ঘষে পরিষ্কার করলে ছত্রাক দূর হবে। ব্রাশ পৌঁছাতে পারে না এমন সরু জায়গাগুলোতে কাপড়ে মোড়ানো স্ক্রু-ড্রাইভার বা কটন সোয়াব ব্যবহার করুন। সবশেষে, একটি ভেজা মাইক্রোফাইবার কাপড় দিয়ে সবটা মুছে নিয়ে শুকনো কাপড় দিয়ে রেলিংগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে। ডিপ ক্লিন করার জন্য প্রয়োজনে এই প্রক্রিয়াটি একাধিকবার করা যেতে পারে।
আর্দ্রতার কারণে ছত্রাক আবার ফিরে আসতে পারে, তাই রেলিংগুলো যেন পুরোপুরি শুকনো থাকে, সেটা নিশ্চিত করা জরুরি। বছরে অন্তত দুই থেকে চারবার এভাবে ডিপ ক্লিন করলে ও নিয়মিত ধুলোবালি ঝেড়ে ফেললে রেলিংগুলো পরিষ্কার থাকবে। তবে খেয়াল রাখবেন জানলার কাঁচের ওপর যেন বেকিং সোডা না লাগে। এতে স্ক্র্যাচ বা দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটি শুধু রেলিংয়ের ময়লা পরিষ্কার করতেই ব্যবহার করুন।










